ফেসবুকে লাইভ ভিডিও আর অনির্দিষ্টকাল সংরক্ষিত থাকবে না। নতুন নীতিমালা অনুযায়ী, ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে এসব ভিডিও মুছে ফেলা হবে। গতকাল (বুধবার) থেকে এ নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক।
ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, যেসব লাইভ ভিডিও ৩০ দিনের বেশি পুরনো- সেগুলোও ধাপে ধাপে মুছে ফেলা হবে। তবে ব্যবহারকারীদের আগেই নোটিফিকেশন পাঠিয়ে সতর্ক করা হবে এবং ভিডিও সংরক্ষণের জন্য ৯০ দিনের সময় দেওয়া হবে।
ব্যবহারকারীরা চাইলে লাইভ ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন বা ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন।
এছাড়া, ভিডিওকে নতুনভাবে এডিট করে রিল আকারেও প্রকাশ করা যাবে।
ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন নীতিমালা ফেসবুকের স্টোরেজ ব্যবস্থাকে আরো কার্যকর করবে এবং ব্যবহারকারীদের জন্য লাইভ ভিডিওর অভিজ্ঞতা উন্নত করবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন প্ল্যাটফর্মের সার্ভার ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি পুরনো ও কম গুরুত্বপূর্ণ কনটেন্ট অপসারণে ভূমিকা রাখবে।

