এআই প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সএআই তাদের চ্যাটবট গ্রোক ৩-এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোড পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাভাবিক কথোপকথনের ভাষায় এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে আরো সহজ ও কার্যকর করবে। সূত্র: গিজচায়না
এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক জানিয়েছেন, এই ফিচারের মূল লক্ষ্য প্রযুক্তির সঙ্গে মানুষের যোগাযোগকে স্বাভাবিক ও স্বচ্ছন্দ করা। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকায় কিছু বাগ বা ত্রুটি থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এআইভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, গ্রোক ৩-এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্মার্ট ডিভাইসের কার্যকারিতা বাড়াতে পারে, যা ভবিষ্যতে স্মার্টফোন, কম্পিউটার ও অন্যান্য সংযুক্ত ডিভাইসে আরও বিস্তৃতভাবে ব্যবহারের সম্ভাবনা তৈরি করবে।
প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলেও, ভবিষ্যতে এটি আরও উন্নত সংস্করণসহ সকলের জন্য উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

