সফটওয়্যার ইন্টারফেস ও রোবোটিক সিস্টেম নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে নতুন অগ্রগতি অর্জন করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ম্যাগমা’ নামে একটি মাল্টিমোডাল এআই মডেল উন্মোচন করেছে, যা একই সঙ্গে ভিজুয়াল ও ভাষাগত তথ্য প্রক্রিয়াকরণে সক্ষম।
এর ফলে ডিজিটাল এবং বাস্তব উভয় জগতেই কার্যকর ভূমিকা রাখতে পারবে এই অত্যাধুনিক প্রযুক্তি। সূত্র: ইন্ডিয়া টুডে
সাধারণত, বাজারের প্রচলিত মাল্টিমোডাল এআই সিস্টেমগুলো আলাদা মডেলের মাধ্যমে ডাটা বিশ্লেষণ ও কাজ সম্পন্ন করে। তবে ম্যাগমা এসব ক্ষমতাকে একত্রিত করে একটি একক সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়।
মাইক্রোসফটের দাবি, এটি টেক্সট, ছবি ও ভিডিও প্রসেসিংয়ের পাশাপাশি সফটওয়্যার ও রোবট নিয়ন্ত্রণেও দক্ষ- যা এটিকে অনন্য করে তুলেছে।
শীর্ষস্থানীয় একাডেমিক প্রতিষ্ঠানের সহযোগিতায় তৈরি এই এআই মডেলটিকে আরো উন্নত করতে কাজ করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির লক্ষ্য- ম্যাগমাকে সাধারণ প্রশ্নোত্তর কিংবা নির্দিষ্ট আদেশ বাস্তবায়নের সীমাবদ্ধতা থেকে বের করে একটি এজেন্টিক এআই সিস্টেমে রূপান্তর করা। যা বিভিন্ন পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারবে।

