বিশ্ববাজারে উন্মোচন হলো স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ৫৬। অত্যাধুনিক ফিচার ও ফাস্ট চার্জিং সুবিধার কারণে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিভাইসটি।
স্যামসাং জানিয়েছে, ৪৫ ওয়াটের তারযুক্ত ফাস্ট চার্জিং সুবিধা এবারই প্রথম এ-সিরিজের কোনো ফোনে যুক্ত করা হয়েছে, যা আগে শুধু ফ্ল্যাগশিপ মডেলগুলোতে সীমাবদ্ধ ছিল।
ডিভাইসটিতে রয়েছে এক্সিনোস ১৫৮০ চিপসেট, ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং আধুনিক ডিজাইন। মাত্র ৭.৪ মিমি পুরুত্বের কারণে এটি আগের মডেলগুলোর তুলনায় আরও সরু ও নকশাগতভাবে উন্নত।
উজ্জ্বলতার দিক থেকেও ডিভাইসটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ১,৯০০ নিটস পিক ব্রাইটনেস ও ১,২০০ নিটস হাই ব্রাইটনেস মোড (এইচবিএম), যা সরাসরি সূর্যের আলোতেও ভালো ভিজিবিলিটি নিশ্চিত করবে।
ফোনটিতে ৮ জিবি র্যাম, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা স্যামসাংয়ের সুপার ফাস্ট চার্জ ২.০ সমর্থন করে। কোম্পানির দাবি, ৪৫ ওয়াটের চার্জারে মাত্র ৩০ মিনিটেই ৬৫% চার্জ হয়ে যাবে, আর সম্পূর্ণ চার্জ হতে লাগবে ৬৮ মিনিট।
ক্যামেরার হার্ডওয়্যারে খুব বেশি পরিবর্তন আসেনি। পেছনে ৫০ মেগাপিক্সেল, আর সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে।
চারটি রঙে বাজারে আসছে গ্যালাক্সি এ৫৬- গ্রাফাইট গ্রে, লাইট গ্রে, অলিভ ও গোলাপি। ১২৮ জিবি মডেলের দাম ৪৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার টাকার বেশি।
প্রযুক্তিবিদদের মতে, গ্যালাক্সি এ৫৬ একটি শক্তিশালী মিড-রেঞ্জ ফোন, যা উন্নত পারফরম্যান্স, এআই-চালিত ক্যামেরা ও ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে এসেছে।

