চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই নতুন ‘এআই এজেন্ট’ পণ্য আনতে যাচ্ছে, যা কোম্পানির ভবিষ্যৎ ব্যবসার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। বিশেষ ধরনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোকে মাসিক সর্বোচ্চ ২০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৩ লাখ) পর্যন্ত ফি দিতে হতে পারে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এখনও স্পষ্টভাবে জানা যায়নি এই এআই এজেন্টগুলো কীভাবে কাজ করবে বা কবে বাজারে আসবে। তবে ওপেনএআই উন্নতমানের এআই প্রযুক্তি নিশ্চিত করতে নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে।
প্রযুক্তিবিদদের মতে, এই এজেন্টগুলো ব্যবহারকারীদের জন্য ডাটা বিশ্লেষণ, গবেষণা এবং ব্যক্তিগত সহায়তার মতো জটিল কাজ সহজ করবে।
দ্য ইনফরমেশন জানায়, ওপেনএআই দুটি বিশেষ এআই এজেন্ট বাজারে আনার পরিকল্পনা করেছে। এর মধ্যে একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ এবং অন্যটি গবেষণা ও বিশ্লেষণ সংক্রান্ত কাজে ব্যবহৃত হবে। প্রতিষ্ঠানটির দাবি, সবচেয়ে দামি সংস্করণটি পিএইচডি স্তরের গবেষণা সম্পাদন করতে সক্ষম হবে।
মূল্য কেমন হবে?-
- উচ্চ আয়ের জ্ঞানভিত্তিক কর্মীদের জন্য: মাসিক ফি ২ হাজার ডলার
- সফটওয়্যার ডেভেলপারদের জন্য: মাসিক সাবস্ক্রিপশন ফি ১০ হাজার ডলার
- প্রিমিয়াম গবেষণা এজেন্ট: মাসিক সর্বোচ্চ ২০ হাজার ডলার
বিনিয়োগ ও বাজার পরিকল্পনা-
ওপেনএআইয়ের বিনিয়োগকারী সফটব্যাংক শুধুমাত্র এই এআই এজেন্ট পণ্যগুলোর জন্য প্রতিষ্ঠানটিতে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে। এটি ওপেনএআইয়ের জন্য অন্যতম বড় আর্থিক সহায়তা বলে মনে করা হচ্ছে। তবে এসব এজেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন কবে হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।

