টেক জায়ান্ট গুগল যুক্তরাষ্ট্রকে কোম্পানি বিভক্তির পরিকল্পনা থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে। অ্যালফাবেট ইনকরপোরেটেডের মালিকানাধীন প্রতিষ্ঠানটি সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানায়। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। সূত্র: রয়টার্স
বর্তমানে মার্কিন বিচার বিভাগ (ডিওজে) গুগলের বিরুদ্ধে দুটি অ্যান্টিট্রাস্ট মামলা পরিচালনা করছে। একটি মামলায় অভিযোগ, গুগল বিশেষ চুক্তির মাধ্যমে বিভিন্ন ডিভাইস ও ব্রাউজারে নিজেদের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে নির্ধারণ করে প্রতিযোগিতা ব্যাহত করছে। অন্য মামলাটি গুগলের ডিজিটাল বিজ্ঞাপন বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে, যেখানে বলা হয়েছে, গুগল তার নিজস্ব সুবিধার্থে বিজ্ঞাপন বাজারকে প্রভাবিত করছে, যা অন্য কোম্পানিগুলোর প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন করে তুলছে।
গুগলের একজন মুখপাত্র বলেছেন, মামলা সংক্রান্ত বিষয়ে আমরা ডিওজিসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করছি। আমাদের বিশ্বাস, বর্তমান প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। তবে এ বিষয়ে মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিচার বিভাগ গুগলকে কিছু ব্যবসা বিক্রি করার পরামর্শ দিয়েছে, যার মধ্যে ক্রোম ব্রাউজার অন্তর্ভুক্ত। পাশাপাশি আইফোনের মতো ডিভাইসে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন বানানোর চুক্তি বাতিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিচারিক শুনানি আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত রায় আসতে পারে আগস্টে।
বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন কিছু অ্যান্টিট্রাস্ট নীতি শিথিল করতে পারে, যার ফলে গুগলের বিরুদ্ধে নেওয়া কিছু পদক্ষেপ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত: অনলাইন সার্চের ওপর গুগলের একচেটিয়া আধিপত্য কমানোর প্রচেষ্টা বন্ধ করা হতে পারে।

