পুরনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ- চলতি মাস থেকেই বহু মডেলে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না অ্যান্ড্রয়েড ৪.৪ (কিটক্যাট) বা তার আগের সংস্করণ এবং আইওএস ১৫.১ কিংবা তার নিচের সংস্করণে।
সম্প্রতি এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানায়, পুরনো ডিভাইসগুলোর সুরক্ষা আপডেট ও প্রয়োজনীয় হার্ডওয়্যারের অভাব রয়েছে। ফলে এই ডিভাইসগুলোতে অ্যাপটি নিরাপদ ও কার্যকরভাবে চালানো সম্ভব নয়।
গ্যাজেটবিষয়ক ওয়েবসাইট গিজচায়নার প্রতিবেদন অনুসারে দেখা যায়, যেসব ডিভাইসে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ হতে যাচ্ছে, তার মধ্যে রয়েছে স্যামসাং, মোটরোলা, এইচটিসি, এলজি ও সনির মোট ১৯টি মডেল। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে লক্ষাধিক ব্যবহারকারী এর প্রভাব পড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্ত নিরাপত্তা ও কার্যকারিতা বজায় রাখার জন্য স্বাভাবিক। তবে যারা এখনো পুরনো ফোন ব্যবহার করছেন, তাদের দ্রুত নতুন অপারেটিং সিস্টেমসমর্থিত ডিভাইসে রূপান্তর করার পরামর্শ দিয়েছেন তারা।

