চলতি বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে লক স্ক্রিন উইজেট। গুগলের ঘোষণায় বলা হয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি লক স্ক্রিন থেকেই বিভিন্ন অ্যাপের তথ্য ও কার্যক্রম দেখতে এবং ব্যবহার করতে পারবেন।
গত বছর থেকেই গুগলের পিক্সেল ট্যাবলেটে পরীক্ষামূলকভাবে চালু ছিল এই সুবিধা। এবার তা আরও বিস্তৃতভাবে গুগল ফোন ও অন্যান্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটেও চালু হচ্ছে।
গুগল জানিয়েছে, সব উইজেট স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিনে কাজ করবে। তবে অ্যাপ ডেভেলপারদের জন্য থাকবে নিয়ন্ত্রণের সুযোগ- তারা চাইলে লক স্ক্রিনে উইজেট প্রদর্শন বন্ধ রাখতে পারবেন।
তবে কিছু নিরাপত্তাজনিত কাজ, যেমন অ্যাপ চালু কিংবা গুরুত্বপূর্ণ তথ্য দেখতে, এখনও ব্যবহারকারীদের ফিঙ্গারপ্রিন্ট, পিন বা ফেস আনলক ব্যবহার করতে হবে বলে জানিয়েছে গুগল।
নতুন এই ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ব্যবহারে সহজতা ও গতি আরও বাড়াবে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা।

