কলেজ শিক্ষার্থীদের জন্য দুই মাসের জন্য চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেনএআই। তবে এই সুবিধা শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং কানাডার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ওপেনএআইয়ের নির্বাহী প্রধান স্যাম অল্টম্যান সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, শিক্ষার্থীরা এই সুবিধা পেতে একটি যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করবে, যার মাধ্যমে শেয়ার আইডি নামক সিস্টেমের মাধ্যমে তাদের তথ্য নিশ্চিত করা হবে। মে মাস পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করতে পারবেন। তবে দুই মাস পর যদি তারা পরিষেবা বাতিল না করেন, তবে সাবস্ক্রিপশনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে মাসিক ২০ ডলার চার্জ করা হবে।
চ্যাটজিপিটি প্লাস সংস্করণে উন্নত ফিচার রয়েছে। যেমন: চ্যাটিং, ফাইল আপলোড, ইমেজ জেনারেশন, ভিডিও এবং স্ক্রীন শেয়ারিং, উন্নত ভয়েস মোডসহ আরও অনেক সুবিধা। এছাড়া, নতুন জিপিটি ৪০ ও ০৩ মিনি মডেল যুক্ত হয়েছে- যা আরো সুনির্দিষ্ট এবং শক্তিশালী উত্তর প্রদান করতে সক্ষম।
এদিকে শিক্ষার্থীদের জন্য এআই টুল ব্যবহারের বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ টেক জায়ান্টরা ক্রমবর্ধমানভাবে শিক্ষা খাতে বিনিয়োগ করছে। উদাহরণস্বরূপ, গুগল তার চ্যাটবট জেমিনির একটি কিশোর-কিশোরীদের জন্য নির্দিষ্ট সংস্করণ তৈরি করেছে, যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ব্যবহারের জন্য উপলব্ধ।

