Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা—দ্রুত বিচারিক সুরক্ষার পথেই এখন দীর্ঘ অপেক্ষার দেয়াল
    আইন আদালত

    আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা—দ্রুত বিচারিক সুরক্ষার পথেই এখন দীর্ঘ অপেক্ষার দেয়াল

    মনিরুজ্জামানUpdated:জুলাই 21, 2026জুলাই 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগাম জামিন (অ্যান্টিসিপেটরি বেইল) এমন একটি আইনি প্রতিকার, যার মাধ্যমে কোনো ব্যক্তি গ্রেপ্তারের আশঙ্কা দেখা দিলে গ্রেপ্তারের আগেই উচ্চ আদালতের কাছ থেকে সাময়িক আইনি সুরক্ষা চাইতে পারেন। ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার আওতায় উচ্চ আদালত এই ধরনের আবেদন বিবেচনা করে প্রয়োজনীয় আদেশ দিয়ে থাকেন।

    সাধারণত কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ ওঠার পর তিনি যদি মনে করেন, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে বা অযথা হয়রানির শিকার হতে পারেন, তাহলে তিনি আগাম জামিনের আবেদন করার সুযোগ পান। আইন বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা একদিকে যেমন ব্যক্তির স্বাধীনতা রক্ষা করে, অন্যদিকে তাকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে আইনের প্রতি আস্থা বজায় রাখতেও সহায়তা করে।

    তবে সাম্প্রতিক সময়ে আগাম জামিন পাওয়ার প্রক্রিয়ায় বড় ধরনের বিলম্ব দেখা দিয়েছে। বর্তমানে উচ্চ আদালতের মাত্র দুই থেকে তিনটি মোশন বেঞ্চে এসব আবেদন শুনানি হওয়ায় একটি আবেদন শুনানির জন্য অনেক ক্ষেত্রেই দুই থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

    ফলে যে আইনি প্রতিকারটি মূলত জরুরি পরিস্থিতিতে দ্রুত সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছিল, সেটিই সময়মতো কার্যকর হচ্ছে না। এতে আগাম জামিনের বাস্তব উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠছে এবং গ্রেপ্তারের আশঙ্কায় থাকা অনেক বিচারপ্রার্থী প্রয়োজনীয় আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, আগাম জামিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দ্রুত বিচারিক সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু শুনানিতে দীর্ঘসূত্রতা দেখা দিলে এই আইনি ব্যবস্থার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়।

    তাদের মতে, পরিস্থিতির উন্নয়নে উচ্চ আদালতের আরও বেশি ক্রিমিনাল মোশন বেঞ্চে আগাম জামিনের আবেদন শুনানির ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে দ্রুত শুনানি নিশ্চিত করা গেলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও আরও সুদৃঢ় হবে। অন্যথায় বিলম্বিত বিচার শুধু নাগরিকের অধিকার ক্ষুণ্ন করবে না, ন্যায়বিচার পাওয়ার পথও আরও কঠিন হয়ে উঠবে।

    ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বর্তমান বাস্তবতায় আগাম জামিনের মূল উদ্দেশ্য অনেকটাই ব্যাহত হচ্ছে। তার ভাষ্য, আগাম জামিনের মূল লক্ষ্যই হলো গ্রেপ্তারের আশঙ্কায় থাকা ব্যক্তিকে দ্রুত বিচারিক সুরক্ষা দেওয়া কিন্তু এখন একটি আবেদন শুনানির তালিকায় আসতেই দুই থেকে তিন মাস সময় লেগে যাচ্ছে, যা এই আইনি প্রতিকারের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    তিনি বলেন, বর্তমানে উচ্চ আদালতের মাত্র দুই-তিনটি বেঞ্চে আগাম জামিনের আবেদন শুনানি হওয়ায় এই জট তৈরি হয়েছে। তার মতে, হাইকোর্টের সব ক্রিমিনাল মোশন বেঞ্চে আগাম জামিনের আবেদন গ্রহণ ও শুনানির ব্যবস্থা করা হলে বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা অনেকটাই কমে আসবে।

    মোহাম্মদ শিশির মনির আরও বলেন, দ্রুত শুনানি নিশ্চিত করতে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় আগাম জামিনের মৌলিক ধারণাই কার্যকারিতা হারাবে।

    তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার অধীনেই বর্তমানে আগাম জামিনের আবেদন নিষ্পত্তি করা হয়। আগে এ বিষয়ে পৃথক ৪৯৭-ক ধারা থাকলেও পরে তা বিলুপ্ত হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আলোকে ৪৯৮ ধারার অধীনেই এই আইনি প্রতিকার অব্যাহত রাখা হয়েছে।

    তার মতে, আদালত সাধারণত চার, ছয় বা বিশেষ ক্ষেত্রে আট সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে থাকেন। কিন্তু এই সীমিত সময়ের বিচারিক সুরক্ষাও যদি আবেদনকারীরা সময়মতো না পান, তাহলে আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধাবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    এদিকে, একাধিক জ্যেষ্ঠ আইনজীবীরও অভিমত, হাইকোর্টের সব ক্রিমিনাল মোশন বেঞ্চে আগাম জামিনের আবেদন শুনানি না হওয়াই দীর্ঘসূত্রিতার অন্যতম প্রধান কারণ। তারা মনে করেন, তাৎক্ষণিক বিচারিক সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক ও বিচারিক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থাও দুর্বল হতে পারে।

    কোন পরিস্থিতিতে আগাম জামিনের প্রয়োজন হয়?

    আইন বিশেষজ্ঞদের মতে, আগাম জামিন এমন একটি আইনি সুরক্ষা, যা সাধারণত তখনই চাওয়া হয় যখন কোনো ব্যক্তি মনে করেন, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হতে পারে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফৌজদারি মামলায় জড়ানোর চেষ্টা চলছে। এর মাধ্যমে তিনি গ্রেপ্তারের আগেই আদালতের কাছে সাময়িক সুরক্ষা চান।

    আগাম জামিনের আবেদন করার অন্যতম কারণ হলো রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা বা বানোয়াট মামলার আশঙ্কা। অনেক সময় প্রতিপক্ষকে চাপে ফেলতে বা হয়রানি করতে পরিকল্পিতভাবে মামলা করা হয় কিংবা এমন মামলার হুমকি দেওয়া হয়। এ ধরনের পরিস্থিতিতে আদালতের শরণাপন্ন হয়ে আগাম জামিনের আবেদন করেন সংশ্লিষ্ট ব্যক্তি।

    সমাজে প্রতিষ্ঠিত বা পরিচিত কোনো ব্যক্তিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেও কখনো কখনো ফৌজদারি মামলায় জড়ানোর অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতেও সম্মান ও ব্যক্তিগত মর্যাদা রক্ষার স্বার্থে আগাম জামিনের আবেদন করা হয়ে থাকে।

    এ ছাড়া যথাযথ তদন্ত ছাড়াই গ্রেপ্তার বা অপ্রয়োজনীয় হয়রানির আশঙ্কা থাকলে অন্তর্বর্তীকালীন বিচারিক সুরক্ষা পেতেও আগাম জামিনের আবেদন করা হয়। জমিজমা নিয়ে বিরোধ, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা কিংবা পারিবারিক দ্বন্দ্বের জেরেও অনেক সময় মানুষ এ ধরনের আইনি প্রতিকার চান।

    আইন বিশেষজ্ঞদের মতে, বিচার পেতে অস্বাভাবিক বিলম্ব হলে তা কার্যত ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করে। তাদের পর্যবেক্ষণ, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিচার বিভাগ নাগরিক অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখবে— এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসামূলক মামলা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে আগাম জামিনের মতো বিশেষ আইনি প্রতিকারকে আরও সহজলভ্য করা এবং হাইকোর্টের সব ক্রিমিনাল মোশন বেঞ্চে এ ধরনের আবেদন শুনানির সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

    তবে আগাম জামিন স্থায়ী কোনো আইনি সুরক্ষা নয়। আদালত সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য এ জামিন মঞ্জুর করেন। সেই সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করতে হয়। তা না করলে পরবর্তী সময়ে মামলার কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হতে পারে।

    এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, অনেক মানুষ নানা প্রতিকূলতা পেরিয়ে আগাম জামিনের আশায় হাইকোর্টে আসেন। তার ভাষ্য, সাবেক বিচারপতি গৌরগোপাল সাহা একসময় বলেছিলেন, আগাম জামিনের অন্যতম গুরুত্ব হলো এটি একজন অভিযুক্তকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে। কারণ, হাইকোর্ট নির্দিষ্ট সময়ের জন্য জামিন দিলেও পরে তাকে অবশ্যই নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হয়।

    তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করলে অভিযুক্ত ব্যক্তি আরও বড় আইনি জটিলতায় পড়তে পারেন এবং ভবিষ্যতে মামলার কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে যেতে পারে।

    অন্যদিকে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের মতে, আগাম জামিনের মূল উদ্দেশ্যই হলো তাৎক্ষণিক বিচারিক সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু বর্তমানে একটি আবেদন শুনানির তালিকায় আসতে দুই থেকে তিন মাস সময় লাগছে, যা এই আইনি প্রতিকারের কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি মনে করেন, উচ্চ আদালতের সব ক্রিমিনাল মোশন বেঞ্চে আগাম জামিনের আবেদন শুনানির ব্যবস্থা করা হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে।

    আগাম জামিন নিয়ে বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের দাবি:

    সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের মতে, অতীতে আগাম জামিনের সুযোগ সীমিত করার কারণে অনেক নাগরিক তাদের মৌলিক অধিকার থেকে কার্যত বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, একসময় বিচার বিভাগের কিছু সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির কারণে আগাম জামিন পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এতে গ্রেপ্তারের আশঙ্কায় থাকা অনেক মানুষের জন্য এই আইনি প্রতিকার কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি।

    তিনি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় আরও সক্রিয় হবে— এমন প্রত্যাশা ছিল। তবে বাস্তবে আগাম জামিনের আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা সেই প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

    সৈয়দ মামুন মাহবুবের ভাষ্য, আগাম জামিনের সবচেয়ে বড় গুরুত্ব হলো এটি একজন অভিযুক্তকে সাময়িক মানসিক স্বস্তি দেয় এবং আইনি প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি করে। তার মতে, রাজনৈতিক পরিবর্তন হলেও হয়রানিমূলক মামলার অভিযোগ বিভিন্ন সময়েই দেখা গেছে এবং এখনও এমন অভিযোগ রয়েছে। তাই তিনি হাইকোর্ট বিভাগের প্রতিটি ফৌজদারি মোশন বেঞ্চে সপ্তাহে অন্তত এক দিন আগাম জামিনের আবেদন শুনানির ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশের সর্বোচ্চ আদালত ভবিষ্যতে নাগরিক অধিকার সুরক্ষার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দেবে।

    এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান খান আগাম জামিনকে একটি ব্যতিক্রমধর্মী বা এক্সট্রাঅর্ডিনারি আইনি প্রতিকার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো ব্যক্তি অযথা হয়রানির শিকার হতে পারেন— এমন আশঙ্কা থাকলে এবং তিনি বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার সম্ভাবনা না থাকলে আদালত এই বিশেষ সুবিধা বিবেচনা করেন। মূল উদ্দেশ্যই হলো অপ্রয়োজনীয় হয়রানি থেকে নাগরিককে সাময়িক সুরক্ষা দেওয়া।

    তিনি জানান, আগে আগাম জামিনের আবেদন দ্রুত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। মামলা হওয়ার অনেক পরে আবেদন করলে আদালত অনেক সময় প্রশ্ন তুলতেন, যদি সত্যিই হয়রানির আশঙ্কা থাকে, তাহলে আবেদন করতে এত দেরি হলো কেন। অর্থাৎ আগাম জামিনের ক্ষেত্রে তাৎক্ষণিকতার বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    কিন্তু বর্তমানে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এখন আবেদন করার পরও শুনানির সুযোগ পেতে তিন থেকে চার মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে আগাম জামিনের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।

    মাহবুবুর রহমান খান বলেন, বিচারপ্রার্থীদের এই দীর্ঘ অপেক্ষা কার্যত ন্যায়বিচার বিলম্বিত হওয়ার শামিল। তার মতে, বর্তমানে বিচার বিভাগে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে আগাম জামিনের আবেদনের ক্ষেত্রে। অতীতের তুলনায় এমন দীর্ঘসূত্রিতা আগে দেখা যায়নি। একসময় আবেদন জমা দেওয়ার এক বা দুই সপ্তাহের মধ্যেই শুনানির সুযোগ মিললেও এখন তা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

    তিনি আগাম জামিনের প্রক্রিয়াকে আরও সহজ ও উন্মুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সূত্র:  ঢাকা পোস্ট

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের ওপর নিষেধাজ্ঞা কেন আরোপ করা হয়েছে, কবে মিলবে অব্যাহতি?

    জুলাই 21, 2026
    অপরাধ

    নিয়োগে অনিয়ম, অর্থ ব্যয়ে অসঙ্গতি—অডিটে প্রশ্নবিদ্ধ ঢাকা সিটি কলেজের ১০৫ শিক্ষক

    জুলাই 21, 2026
    অর্থনীতি

    ইএফডি প্রকল্প: ভ্যাট আদায়ের সোনার খনি কেন পরিণত হলো ব্যর্থতার গল্পে?

    জুলাই 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.