Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৩৬ দেশে রোটা টিকা, বাংলাদেশে এখনো বেসরকারি বাজারনির্ভরতা: শিশুদের সুরক্ষায় পিছিয়ে কেন রাষ্ট্র?
    মতামত

    ১৩৬ দেশে রোটা টিকা, বাংলাদেশে এখনো বেসরকারি বাজারনির্ভরতা: শিশুদের সুরক্ষায় পিছিয়ে কেন রাষ্ট্র?

    মিজান মাজনুননভেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রোটা ভাইরাসে আক্রান্ত শিশুর চিকিৎসা ও হাসপাতালের চাপ তুলে ধরে তৈরি নিউজের জন্য প্রতীকী ছবি। ছবি: এআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    গবেষণা আছে, টিকা আছে, আন্তর্জাতিক অভিজ্ঞতাও আছে; তবু সরকারি টিকাদান কর্মসূচিতে রোটা টিকা নেই। প্রতি শীতে ডায়রিয়ার প্রকোপে হাসপাতালগুলোতে বাড়ছে শিশুদের চাপ, দেখা দিচ্ছে শয্যা ও ওষুধের সংকট। সরকারি প্রস্তুতির ঘাটতিতে শিশুদের সুরক্ষা কি সামর্থ্যবান পরিবারের নাগালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে?

    আগাম জানা মৌসুমি সংক্রমণ, অথচ প্রস্তুতি নেই হাসপাতালগুলোতে; জেলা পর্যায়ে রোটা শনাক্তের পরীক্ষা নেই, সরকারি টিকাদান কর্মসূচিতেও নেই রোটা টিকা। প্রতি শীতে পানিশূন্যতা ও চিকিৎসাসংকটে ভুগছে হাজারো শিশু।

    শীতের শুরুতেই দেশের বিভিন্ন হাসপাতালে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বাড়তে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা থেকে চাঁদপুর, প্রায় প্রতিবছর একই সময়ে ফিরে আসে পরিচিত এক সংকট। হাসপাতালের শয্যা ফুরিয়ে যায়, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দেখা দেয়, বারান্দা কিংবা মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয় শিশুদের। অথচ এই পরিস্থিতি নতুন নয়। কোন সময়ে ডায়রিয়া বাড়ে, কোন বয়সের শিশুরা বেশি আক্রান্ত হয়, কোন অঞ্চলে রোগীর চাপ তৈরি হয়, তার পর্যাপ্ত তথ্য স্বাস্থ্য বিভাগের কাছেই রয়েছে।

    তারপরও প্রশ্ন থেকে যায়, প্রতি বছর একই সংকটের পুনরাবৃত্তি হলে আগাম প্রস্তুতি কোথায়? আর যে রোটা ভাইরাস শিশুদের ডায়রিয়ার অন্যতম প্রধান কারণ, সেই সংক্রমণ প্রতিরোধে কার্যকর টিকা এখনো কেন বাংলাদেশের সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) অন্তর্ভুক্ত হয়নি?

    আট দিনে ৩৪২ শিশু হাসপাতালে, প্রস্তুতি কোথায়?

    Diarrhoea patients likely to spike with mercury rising
    তাপমাত্রা বাড়ার সাথে সাথে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত

    ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ১৪ থেকে ২১ নভেম্বর, মাত্র আট দিনে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে ৩৪২ জন রোগী। তাদের ৮০ শতাংশের বেশি শিশু। অথচ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ২০টি। রোগীর চাপ এতটাই বেশি যে সেখানে জায়গা সংকট তৈরি হয়েছে।

    শুধু শয্যার সংকট নয়, হাসপাতালটিতে দুই থেকে তিন মাস ধরে স্যালাইন দেওয়ার আইভি ক্যানোলা ও স্যালাইন সেটের ঘাটতি চলছে। সিপ্রোসিন, মেট্রোনিডাজল ও সেফট্রিয়াক্সন ইনজেকশনও প্রায় দুই মাস ধরে মজুত নেই বলে হাসপাতাল সূত্রের বরাতে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    সাতক্ষীরা সদর হাসপাতালের চিত্রও একই রকম। ১৫ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ জন শিশু ভর্তি থাকছিল। শিশুদের ডায়রিয়া ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র পাঁচটি। জায়গার অভাবে নবজাতকদেরও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।

    এগুলো বিচ্ছিন্ন কোনো হাসপাতালের সাময়িক দুর্ভোগ নয়। বরং প্রতি শীতে ফিরে আসা একটি পূর্বানুমেয় জনস্বাস্থ্য সংকটের প্রতিচ্ছবি।

    রোটা ভাইরাসের মৌসুম কি স্বাস্থ্য বিভাগের অজানা?

    আইসিডিডিআরবি ২০১২ সালের জুলাই থেকে ঢাকা, রাজশাহী ও সিলেটের হাসপাতালগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ওপর নজরদারি চালিয়ে আসছে। গবেষণায় দেখা গেছে, রোটা ভাইরাস সারা বছর সংক্রমণ ঘটালেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই সময়ে শনাক্ত হওয়া ডায়রিয়ার রোগীদের মধ্যে রোটার উপস্থিতি ৮০ শতাংশ ছাড়িয়ে যায়। আক্রান্ত শিশুদের প্রায় ৮৬ শতাংশের বয়স ৬ থেকে ২৩ মাস।

    ঢাকায় সাধারণত জানুয়ারিতে রোটায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। বর্ষাকালে জুলাই-আগস্টেও সংক্রমণ বাড়ে, তবে শীতের তুলনায় কম।

    চাঁদপুরের মতলবে আইসিডিডিআরবির হাসপাতালে প্রতিবছর শীতের মৌসুমে রোগীর চাপ ভয়াবহ আকার ধারণ করে। আশপাশের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকেও সেখানে শিশুদের নিয়ে আসেন অভিভাবকেরা।

    ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত মাত্র ১৫ দিনে মতলবের ওই হাসপাতালে ভর্তি হয়েছিল ৪ হাজার ৫৫০ জন রোগী, যা স্বাভাবিক সময়ের তিন গুণেরও বেশি। ২০২৬ সালের জানুয়ারিতেও সেখানে প্রতিদিন গড়ে প্রায় ২২৫ জন রোগী ভর্তি হচ্ছিল।

    BANGLADESH-SOCIETY-HEALTH
    বাংলাদেশ-সমাজ-স্বাস্থ্য। ছবি: সংগৃহীত

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেও একই প্রবণতা দেখা যায়। ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ডায়রিয়া নিয়ে হাসপাতালে এসেছিল ৬৯ হাজার ১৮৬ জন। এ সময়ে মারা যায় ছয়জন। রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল চট্টগ্রাম বিভাগে।

    ব্রাহ্মণবাড়িয়া এই বিভাগেরই একটি জেলা। ফলে সেখানে নভেম্বরের শুরুতেই রোগীর চাপ বেড়ে যাওয়া কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়। বরং পরিচিত মৌসুমি সংক্রমণেরই পুনরাবৃত্তি।

    প্রশ্ন তাই শুধু রোটা টিকা কেনা হচ্ছে না, তা নয়; প্রশ্ন হলো, শিশুদের জীবন ও সুরক্ষাকে স্বাস্থ্যনীতির অগ্রাধিকারে আনতে আর কত শীত অপেক্ষা করতে হবে?

    শুধু আবহাওয়া নয়, ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ

    শীতকালে রোটা ভাইরাসের সংক্রমণ বাড়ার পেছনে তাপমাত্রা ও আর্দ্রতার ভূমিকা রয়েছে। গবেষণায় দেখা গেছে, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে রোটার সংক্রমণ বাড়তে পারে। শীতের সময় ঘরের ভেতর মানুষের গাদাগাদি করে থাকা এবং শুষ্ক পরিবেশও সংক্রমণ ছড়ানোর অনুকূল পরিস্থিতি তৈরি করে।

    তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি শুধু আবহাওয়ার ব্যাখ্যায় সীমাবদ্ধ নয়।

    গ্লোবাল হেলথ অ্যাকশন সাময়িকীতে ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত একটি জাতীয় গবেষণায় দেখা গেছে, দেশের সাতটি নজরদারি হাসপাতালে ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ভর্তি হওয়া ৪ হাজার ৩৩৭ জন রোটা আক্রান্ত শিশুর তথ্য বিশ্লেষণে প্রায় ৪১ শতাংশ সংক্রমণের সঙ্গে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার সম্পর্ক পাওয়া গেছে। অঞ্চলভেদে তাপমাত্রার সঙ্গে সংক্রমণের সম্পর্কও ভিন্ন ছিল।

    অর্থাৎ, আবহাওয়া সংক্রমণের একটি উপাদান হলেও রোগের প্রকোপ নির্ধারণে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক ব্যবস্থারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    এখানেই বাংলাদেশের প্রস্তুতির ঘাটতিগুলো সামনে আসে।

    রোগ নির্ণয়ের ব্যবস্থা নেই, অনুমানের ওপর চিকিৎসা

    ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছিল, দেশের অনেক জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসকেরা লক্ষণ দেখে রোটা ভাইরাসে আক্রান্ত বলে ধারণা করছেন। কিন্তু এসব হাসপাতালে রোটা শনাক্তের পরীক্ষার ব্যবস্থা নেই।

    চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ঘটনাও এর উদাহরণ। গত শীতে মাত্র ১৭ দিনে সেখানে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিল প্রায় দেড় হাজার মানুষ। দুই বছরের মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক মা জানিয়েছিলেন, ঠান্ডা লাগার পর শিশুটির ডায়রিয়া শুরু হয়। হাসপাতালে এসেও প্রথমে শয্যা পাননি।

    হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছিলেন, শিশুদের ডায়রিয়ার প্রধান কারণ রোটা ভাইরাস। কিন্তু পরীক্ষার ব্যবস্থা না থাকায় সেটি নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।

    এবার ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি নিয়েও একই প্রশ্ন রয়েছে। রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু কতজন রোটা ভাইরাসে আক্রান্ত, কতজন অন্য জীবাণু বা অন্য কোনো কারণে ডায়রিয়ায় ভুগছে, তার নির্ভরযোগ্য পরীক্ষাভিত্তিক তথ্য নেই।

    ডায়রিয়ার অন্য সম্ভাব্য কারণও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের অবশিষ্টাংশ, অপর্যাপ্তভাবে রান্না করা কিছু খাদ্য কিংবা দূষিত খাবার ও পানিও ডায়রিয়ার কারণ হতে পারে। ফলে পরীক্ষা ছাড়া প্রতিটি রোগীকে রোটা আক্রান্ত ধরে নেওয়া যেমন বৈজ্ঞানিকভাবে যথাযথ নয়, তেমনি অন্য সম্ভাব্য কারণগুলো উপেক্ষা করাও ঝুঁকিপূর্ণ।

    জেলা পর্যায়ে রোগ শনাক্তের ব্যবস্থা না থাকলে রোগের প্রকৃত ধরন, বিস্তারের উৎস এবং প্রতিরোধের কার্যকর কৌশল নির্ধারণ করা কঠিন।

    ১৩৬ দেশে সরকারি টিকাদান কর্মসূচিতে, বাংলাদেশে এখনো নয়

    Winter cold, viral infections overwhelm DMCH pediatric wards
    শীতের ঠান্ডা ও ভাইরাল সংক্রমণের কারণে ডিএমসিএইচ-এর শিশু ওয়ার্ডগুলোতে রোগীর ভিড় বেড়েছে। ছবি: সংগৃহীত

    রোটা ভাইরাস প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলোর একটি হলো টিকাদান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৯ সালে সব শিশুর জন্য রোটা টিকার সুপারিশ করে। ২০২১ সালের অবস্থানপত্রেও দেশগুলোর জাতীয় টিকাদান কর্মসূচিতে এই টিকা অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

    ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বের ১৩৬টি দেশ তাদের জাতীয় টিকাদান কর্মসূচিতে রোটা টিকা চালু করেছে। বৈশ্বিক টিকাদান কভারেজ প্রায় ৬১ শতাংশ।

    প্রতিবেশী ভারত ২০১৬ সালের ২৬ মার্চ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রথম দেশ হিসেবে সরকারি টিকাদান কর্মসূচিতে রোটা টিকা যুক্ত করে। পাকিস্তানও পরবর্তী সময়ে এই টিকা চালু করেছে।

    বাংলাদেশে রোটা টিকার কার্যকারিতা নিয়ে বড় গবেষণা পরিচালনা করেছে আইসিডিডিআরবি। আন্তর্জাতিক টিকা সহায়তা সংস্থা গ্যাভিও বাংলাদেশের আবেদন অনুমোদন করেছিল। তারপরও জাতীয় টিকাদান কর্মসূচিতে টিকাটি যুক্ত হয়নি।

    আইসিডিডিআরবির গবেষকেরা ২০২১ সালে উল্লেখ করেছিলেন, অবকাঠামোগত সীমাবদ্ধতা, কোল্ড চেইন সম্প্রসারণের প্রয়োজনীয়তা এবং ২০১৯ সালের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার কারণে রোটা টিকা চালুর প্রক্রিয়া পিছিয়ে যায়। বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণেও ঘাটতি ছিল।

    ২০২৪ সালে দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস অস্ট্রেলিয়ার মারডক চিলড্রেন্স রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে আরভি৩-বিবি রোটা টিকার নিবন্ধনসংক্রান্ত চুক্তি করে। উদ্দেশ্য ছিল ইপিআইয়ের আওতায় নবজাতকদের এই টিকা দেওয়ার সুযোগ তৈরি করা।

    কিন্তু ২০২৬ সালের ২৬ নভেম্বর ইউনিসেফের মাধ্যমে দরপত্র ছাড়াই ইপিআইয়ের ছয় মাসের টিকা কেনার জন্য সরকারের ৫৩৫ কোটি টাকার তালিকায় বিসিজি, এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি থাকলেও রোটা টিকার নাম নেই।

    অর্থাৎ, টিকা নিয়ে গবেষণা হয়েছে, আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে, দেশীয় উৎপাদন ও নিবন্ধনের উদ্যোগও রয়েছে; কিন্তু সাধারণ পরিবারের শিশুদের জন্য সরকারি টিকাদান কর্মসূচিতে এখনো এটি নিশ্চিত করা যায়নি।

    টিকার কার্যকারিতা কম হলেও উপেক্ষা করার সুযোগ নেই

    বাংলাদেশের প্রেক্ষাপটে আইসিডিডিআরবির গবেষণায় রোটা টিকার কার্যকারিতা প্রায় ৪৫ শতাংশ পাওয়া গেছে। উন্নত দেশগুলোর তুলনায় এই কার্যকারিতা কম। তবে কার্যকারিতা কম হওয়ার অর্থ এই নয় যে টিকাটি অপ্রয়োজনীয়।

    প্রতি শীতে যখন হাজার হাজার শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, তখন ৪৫ শতাংশ কার্যকারিতাও বিপুলসংখ্যক শিশুকে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে।

    টিকা চালুর সুফল যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতাতেও দেখা গেছে। সেখানে টিকাদানের আগে প্রতিবছর রোটা ভাইরাসের কারণে ৫৫ হাজার থেকে ৭০ হাজার শিশু হাসপাতালে ভর্তি হতো। ২০০৬ সালে টিকা চালুর পর রোটাজনিত হাসপাতালে ভর্তি প্রায় ৬৫ শতাংশ কমে যায়। নিয়মিত বড় আকারের প্রাদুর্ভাবের প্রবণতাও পরিবর্তিত হয়।

    অথচ বাংলাদেশে এখনো রোটা টিকা নিতে হলে অভিভাবকদের বেসরকারি বাজারের ওপর নির্ভর করতে হচ্ছে। বাজারে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের রোটাটেক টিকার প্রতি ডোজের দাম প্রায় ২ হাজার ১৩৪ টাকা। তিন ডোজের জন্য খরচ হয় ৬ হাজার ৪০২ টাকা।

    স্বল্প ও নিম্নমধ্যম আয়ের পরিবারের জন্য এই ব্যয় বহন করা সহজ নয়। ফলে যে শিশুর পরিবারের আর্থিক সামর্থ্য আছে, সে টিকা পাচ্ছে; আর যে পরিবারের সামর্থ্য নেই, তার শিশুকে মৌসুমি সংক্রমণের ঝুঁকির মধ্যেই থাকতে হচ্ছে।

    এখানে জনস্বাস্থ্যের পাশাপাশি স্বাস্থ্যসেবায় সমান সুযোগ নিশ্চিত করার প্রশ্নটিও জড়িত।

    সংকটটি কি শুধু হাসপাতালের, নাকি পরিকল্পনারও?

    শিশুদের ডায়রিয়ার প্রকোপ প্রতি বছর কোন সময়ে বাড়ে, কোন বয়সের শিশুরা বেশি আক্রান্ত হয় এবং কোন অঞ্চলে রোগীর চাপ তৈরি হয়, এসব তথ্য স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআরবির গবেষণায় বহু আগেই উঠে এসেছে।

    তাহলে মৌসুম শুরুর আগেই জেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, স্যালাইন, ক্যানোলা, স্যালাইন সেট ও প্রয়োজনীয় ওষুধের মজুত নিশ্চিত করা হয় না কেন?

    কেন জেলা পর্যায়ে রোটা ভাইরাস শনাক্তের পরীক্ষার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে না? কেন জাতীয় টিকাদান কর্মসূচিতে রোটা টিকা যুক্ত করার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ও বাস্তবায়ন পরিকল্পনা নেই?

    স্বাস্থ্য খাতের পরিকল্পনা কি শুধু রোগী হাসপাতালে আসার পর চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নাকি রোগের প্রকোপ আগাম শনাক্ত করা, প্রতিরোধ করা এবং চিকিৎসার সক্ষমতা তৈরি করাও এর অংশ হবে?

    ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শীত আসার আগেই ডায়রিয়ার প্রয়োজনীয় ইনজেকশনের মজুত শেষ হয়ে গিয়েছিল। ২১ নভেম্বর পর্যন্ত, যখন মাত্র আট দিনে ৩৪২ জন রোগী ভর্তি হয়ে গেছে, তখনো সেই মজুত পূরণ করা হয়নি বলে প্রকাশিত তথ্যে জানা যায়।

    এটি কেবল ওষুধ সরবরাহের ব্যর্থতা নয়; এটি আগাম পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতিরও ইঙ্গিত দেয়।

    শিশুদের সুরক্ষা কি পরিবারের সামর্থ্যের ওপর ছেড়ে দেওয়া হবে?

    রোটা ভাইরাসে আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ তীব্র পানিশূন্যতা ও শরীরের প্রয়োজনীয় লবণের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। সময়মতো সঠিক চিকিৎসা, পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

    তাই প্রথম কাজ হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মৌসুমি রোগের চাপ বিবেচনায় আগাম প্রস্তুতি নিশ্চিত করা। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর মজুত রাখতে হবে। একই সঙ্গে রোটা শনাক্তের পরীক্ষার ব্যবস্থা জেলা পর্যায়ে সম্প্রসারণ করতে হবে, যাতে রোগের প্রকৃত বিস্তার ও কারণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জাতীয় টিকাদান কর্মসূচিতে রোটা টিকা অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারকে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে টিকার কার্যকারিতা, ব্যয়, আন্তর্জাতিক সহায়তার সুযোগ, কোল্ড চেইন সক্ষমতা এবং ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন।

    শীতের মৌসুমে শিশুদের ডায়রিয়া বাড়বে, এটি নতুন কোনো পূর্বাভাস নয়। নতুন করে আবিষ্কারেরও কিছু নেই। গবেষণা আছে, তথ্য আছে, টিকা আছে, আন্তর্জাতিক অভিজ্ঞতাও আছে। নেই শুধু সেই তথ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতা।

    প্রতি বছর শীত আসে, ডায়রিয়ার প্রকোপ বাড়ে, হাসপাতালের শয্যা সংকট দেখা দেয়, অভিভাবকেরা সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়ান। এরপর মৌসুম শেষ হলে আলোচনাও থেমে যায়।

    কিন্তু একটি শিশুর অসুস্থতা কিংবা মৃত্যু কোনো মৌসুমি পরিসংখ্যান নয়। যে সংক্রমণের ঝুঁকি সম্পর্কে রাষ্ট্র আগে থেকেই জানে, তা মোকাবিলায় প্রস্তুতি না থাকা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।

    প্রশ্ন তাই শুধু রোটা টিকা কেনা হচ্ছে না, তা নয়; প্রশ্ন হলো, শিশুদের জীবন ও সুরক্ষাকে স্বাস্থ্যনীতির অগ্রাধিকারে আনতে আর কত শীত অপেক্ষা করতে হবে?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা বাতিলে আইনি নোটিশ

    নভেম্বর 29, 2026
    বিমা

    বীমা খাতে আস্থার সংকট, বন্ধের ঝুঁকিতে ৭ কোম্পানি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.