প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তায় সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন ব্যবস্থা বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাদের পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানো অথবা বাসা থেকে খাবার আনার নির্দেশ দেওয়ারও দাবি জানানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের কাছে রেজিস্টার্ড ডাকযোগে এটি পাঠানো হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সম্মিলিত ১৫০ টাকা বাজেটে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা গ্রহণ করেন এবং একইসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর জন্যও দুপুরের খাবার ও বিকেলের নাস্তা বাবদ সম্মিলিত ১৫০ টাকা মূল্যের অভিন্ন বাজেট নির্ধারণ করা হয়েছে।
আইনজীবী সংবিধানের ২১(১), ২১(২) ও ১৮(১) অনুচ্ছেদের উল্লেখ করেছেন। ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য সব সময় জনগণের সেবা করার চেষ্টা করা। আর ১৮(১) অনুচ্ছেদে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য বলা হয়েছে।
প্রধানমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। সম্মিলিত ১৫০ টাকা বাজেটে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা গ্রহণ তার ব্যক্তিগত জীবনযাপন, মিতব্যয়িতার প্রতীক বা রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি তার ব্যক্তিগত ইচ্ছা ও রাজনৈতিক বিবেচনা অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকায় খাবার গ্রহণের পূর্ণ স্বাধীনতা রাখেন।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকেরা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তাঁরা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। নোটিশে আরও বলা হয়, ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের মূল খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিযুক্ত খাবার পাওয়া অসম্ভব। পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত হলে কর্মকর্তাদের মধ্যে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হয়, যা জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে মারাত্মকভাবে ব্যাহত করে বলে নোটিশে দাবি করা হয়েছে।
নোটিশে আগামী ১০ দিনের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের সুষম পুষ্টি ও কর্মশক্তি নিশ্চিত করতে খাবারের সরকারি বাজেট ও হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো অথবা বাসা থেকে নিজস্ব পুষ্টিকর খাবার নিয়ে আসার আনুষ্ঠানিক নির্দেশ জারির দাবিও করা হয়েছে।

