Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্য থেকে চিকিৎসা: বাংলাদেশের কূটনীতিতে নির্ভরতা বনাম কৌশলগত স্বায়ত্তশাসন
    বিশ্লেষণ

    বাণিজ্য থেকে চিকিৎসা: বাংলাদেশের কূটনীতিতে নির্ভরতা বনাম কৌশলগত স্বায়ত্তশাসন

    সম্পাদকীয়আগস্ট 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    “ক্লায়েন্ট স্টেট”—রাজনৈতিক বক্তৃতায় শব্দটি নিঃসন্দেহে শক্তিশালী। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একাডেমিক পরিভাষায় এটি কোনো রাজনৈতিক গালি নয়; বরং একটি নির্দিষ্ট ক্ষমতা-সম্পর্ক বোঝানোর ধারণা। ফলে কোনো রাষ্ট্রকে ক্লায়েন্ট স্টেট বলা হলে স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন সামনে আসে—কার ক্লায়েন্ট? কোন সময়ের রাষ্ট্র? কোন সম্পর্কের ভিত্তিতে? এবং কোন পরিমাপযোগ্য সূচকে সেই সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে?

    আন্তর্জাতিক সম্পর্কের সাহিত্যে client state সাধারণত এমন এক অসম, hierarchical patron-client relationship বোঝায়, যেখানে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র নিরাপত্তা, অর্থনৈতিক সুবিধা কিংবা রাজনৈতিক সহায়তার বিনিময়ে শক্তিশালী রাষ্ট্রের প্রতি উল্লেখযোগ্য policy compliance প্রদর্শন করে এবং এর ফলে তার কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সংকুচিত হয়।

    ডেভিড লেকের Hierarchy in International Relations–এর আলোচনাতেও মূল প্রশ্নটি ক্ষমতার আনুষ্ঠানিক সম্পর্কের চেয়ে গভীরে যায়: একটি রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের কতটা অংশ বাস্তবে অন্য কোনো প্রভাবশালী শক্তির কর্তৃত্ব, চাপ বা পছন্দের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে?

    অর্থাৎ, কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা, বড় বাণিজ্য ঘাটতি থাকা কিংবা অসম কোনো চুক্তি করাই একটি রাষ্ট্রকে client state প্রমাণ করে না। আসল প্রশ্ন হলো—রাষ্ট্রটির স্বাধীন নীতি-নির্ধারণের পরিসর কতটা সংকুচিত হয়েছে এবং প্রভাবশালী অংশীদারের পছন্দের বিরুদ্ধে যাওয়ার বাস্তব সক্ষমতা তার কতটা আছে।

    এই জায়গাটিই বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    একই সম্পর্ক, ভিন্ন অভিধান?

    বাংলাদেশের অতীত পররাষ্ট্রনীতির কোনো পর্যায়কে যদি “client state” বা clientelist relationship–এর উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সেই বিশ্লেষণকে অবশ্যই নির্দিষ্ট সূচকের ওপর দাঁড়াতে হবে।

    সেটি কি নিরাপত্তা-নির্ভরতা? সামরিক প্রভাব? Foreign-policy veto? অর্থনৈতিক শর্তারোপ? তৃতীয় দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে সীমাবদ্ধতা? নাকি কোনো নির্দিষ্ট সরকারের একটি শক্তিশালী প্রতিবেশী বা আঞ্চলিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই clientelism–এর প্রমাণ?

    প্রশ্নটি এখানেই। কারণ একই ধরনের নির্ভরতা যদি এক ক্ষেত্রে “অধীনতা” এবং অন্য ক্ষেত্রে “কৌশলগত অংশীদারত্ব” হিসেবে সংজ্ঞায়িত হয়, তাহলে client state ধারণাটিই তার analytical value হারাবে।

    সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যিক সমঝোতার দিকেও তাকাতে হয়। চুক্তিটি কেবল শুল্ক বা বাজারে প্রবেশাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; এর ভাষায় অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত বৃহত্তর সমন্বয়ের বিষয়ও এসেছে।

    রপ্তানি-নিয়ন্ত্রণ কাঠামোর সঙ্গে সামঞ্জস্য, নির্দিষ্ট লেনদেন সীমিত করতে সহযোগিতা, বিদেশি বিনিয়োগ-সংক্রান্ত তথ্য বিনিময় এবং তৃতীয় দেশের ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে পরিপূরক ব্যবস্থা গ্রহণের মতো বিষয়ও এতে রয়েছে।

    “Non-market country”–এর সঙ্গে বাংলাদেশের নতুন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়, তাহলে চুক্তিগত সুবিধা পুনর্বিবেচনা বা শুল্ক পুনর্বহালের মতো ব্যবস্থার সুযোগও আলোচনায় এসেছে।

    এমনকি পারমাণবিক রিয়্যাক্টর, জ্বালানি রড কিংবা সমৃদ্ধ ইউরেনিয়াম ক্রয়ের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত দেশের ওপর সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় এসেছে।

    ডিজিটাল নীতি, সীমান্ত অতিক্রম করে তথ্যপ্রবাহ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, কৃষিপণ্যের sanitary and phytosanitary standards এবং নিয়ন্ত্রক সনদের ক্ষেত্রেও বৃহত্তর নীতিগত সমন্বয়ের উপাদান রয়েছে।

    এসব ধারা বাংলাদেশকে স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের client state বানিয়ে দেয়—এমন সিদ্ধান্তে পৌঁছানোর কোনো কারণ নেই।

    বরং এখানেই analytical consistency–এর প্রয়োজন।

    প্রশ্ন হওয়া উচিত—এই ধরনের নীতিগত সমন্বয় কি বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা কমাচ্ছে, নাকি পারস্পরিক অর্থনৈতিক সুবিধার বিনিময়ে একটি প্রয়োজনীয় আন্তর্জাতিক সমঝোতা তৈরি করছে?

    উত্তরটি আবেগ দিয়ে নয়, একই মাপকাঠিতে পরিমাপ করতে হবে।

    সার্বভৌমত্ব শুধু সীমান্তে থাকে না

    সার্বভৌমত্ব নিয়ে আমাদের আলোচনা সাধারণত ভূখণ্ড, সামরিক নিরাপত্তা কিংবা পররাষ্ট্রনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আধুনিক রাষ্ট্রব্যবস্থায় dependency অনেক সূক্ষ্মভাবে তৈরি হয়—কখনো বাণিজ্যের মাধ্যমে, কখনো অবকাঠামোর মাধ্যমে, কখনো প্রযুক্তির মাধ্যমে, কখনো নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে। আবার কখনো শিক্ষা ও চিকিৎসার মতো আপাতদৃষ্টিতে অরাজনৈতিক ক্ষেত্রের মধ্য দিয়েও।

    একটি দেশের হাজার হাজার শিক্ষার্থী যদি উচ্চশিক্ষার জন্য একটি নির্দিষ্ট দেশের বিশ্ববিদ্যালয় ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে… তাহলে সেটিকে শুধু “শিক্ষা সহযোগিতা” বলে শেষ করে দেওয়া যায় না।

    কারণ শিক্ষা কেবল মানবসম্পদ তৈরি করে না; এটি দীর্ঘমেয়াদে সামাজিক, পেশাগত ও বুদ্ধিবৃত্তিক নেটওয়ার্ক তৈরি করে।

    একইভাবে চিকিৎসা কূটনীতিও এখন পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

    বাংলাদেশের রোগীরা উন্নত চিকিৎসার জন্য নিয়মিত বিদেশে যান। চিকিৎসা ভিসা, হাসপাতাল নেটওয়ার্ক, মেডিকেল রেফারেল, ওষুধ ও চিকিৎসা প্রযুক্তি, চিকিৎসক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য অবকাঠামো সহযোগিতা—এসবও দুই রাষ্ট্রের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

    একটি রাষ্ট্র যদি চিকিৎসা, শিক্ষা, প্রযুক্তি কিংবা দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অতিরিক্তভাবে একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সেই সম্পর্কের মধ্যে একটি soft-power asymmetry তৈরি হতে পারে।

    এটিও clientelism–এর সরাসরি প্রমাণ নয়। কিন্তু dependency–এর একটি গুরুত্বপূর্ণ সূচক অবশ্যই হতে পারে।

    শিক্ষা ও চিকিৎসা: নতুন কূটনৈতিক শক্তি

    আজকের পৃথিবীতে কূটনীতি শুধু রাষ্ট্রপ্রধানদের বৈঠক কিংবা সামরিক চুক্তির বিষয় নয়।

    একজন শিক্ষার্থী যে দেশে পড়তে যায়, একজন রোগী যে দেশে চিকিৎসা নিতে যায়, একজন গবেষক যে দেশের গবেষণাগারে কাজ করেন, একজন চিকিৎসক যে দেশের প্রশিক্ষণ নেন—তারাও দীর্ঘমেয়াদে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের সামাজিক ভিত্তি তৈরি করেন।

    এ কারণেই শিক্ষা ও চিকিৎসা কূটনীতিকে বাংলাদেশের বৃহত্তর strategic autonomy–এর অংশ হিসেবে দেখা দরকার।

    বাংলাদেশের উচিত এমন একটি বহুমুখী শিক্ষা কূটনীতি গড়ে তোলা, যেখানে কোনো একটি দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান কিংবা স্কলারশিপ ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা থাকবে না।

    একইভাবে চিকিৎসা কূটনীতিতেও প্রয়োজন diversification। একাধিক দেশের হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও চিকিৎসা প্রযুক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন কমাতে দেশের নিজস্ব স্বাস্থ্য অবকাঠামো উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রও বহুমুখী করতে হবে।

    কারণ একজন রোগীর চিকিৎসা পছন্দও কখনো কখনো রাষ্ট্রের কূটনৈতিক বাস্তবতার অংশ হয়ে উঠতে পারে।

    একইভাবে শিক্ষা কূটনীতি কেবল বিদেশে শিক্ষার্থী পাঠানোর বিষয় নয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও জ্ঞানভিত্তিক অর্থনীতিকে এমনভাবে আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত করতে হবে, যাতে জ্ঞান ও প্রযুক্তির প্রবাহ কোনো একক রাষ্ট্রের ওপর নির্ভরশীল না হয়।

    শিক্ষা যদি soft power তৈরি করে, চিকিৎসা তৈরি করে human connection; আর এই দুইয়ের সমন্বয় দীর্ঘমেয়াদে কূটনৈতিক প্রভাব তৈরি করতে পারে।

    তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে শিক্ষা ও চিকিৎসাকে শুধু বাণিজ্যিক বা সেবামূলক খাত হিসেবে না দেখে strategic diplomacy–এর অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

    ছোট রাষ্ট্রের শক্তি—বিকল্প ধরে রাখা

    সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং অনেক ASEAN রাষ্ট্রের অভিজ্ঞতা এখানেই গুরুত্বপূর্ণ।

    তারা বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে “কার লোক” হবে—এই প্রশ্নে আটকে না থেকে বিষয়ভিত্তিক সম্পর্ক তৈরি করে।

    কেউ তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হতে পারে, কেউ নিরাপত্তা অংশীদার, কেউ প্রযুক্তিগত সহযোগী, কেউ শিক্ষা ও গবেষণার অংশীদার।

    কিন্তু সম্পর্কের বৈচিত্র্যই তাদের bargaining power তৈরি করে। এটাই strategic autonomy–এর বাস্তব অর্থ।

    একটি ছোট রাষ্ট্রের শক্তি সবসময় তার নিজের আকারে নয়; অনেক সময় তার শক্তি হলো—তার সামনে কতগুলো বিকল্প খোলা আছে।

    বাংলাদেশের ক্ষেত্রেও পরীক্ষাটি তাই খুব সরল।

    ঢাকা কি এক শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেও অন্য শক্তির সঙ্গে স্বাধীনভাবে দরকষাকষি করতে পারে?

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সমঝোতা করেও কি তৃতীয় দেশের সঙ্গে নিজের প্রয়োজন অনুযায়ী সম্পর্ক বজায় রাখতে পারে?

    চীনের সঙ্গে অবকাঠামোগত সহযোগিতা, ভারতের সঙ্গে সংযোগ ও বিদ্যুৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাজার, ইউরোপের সঙ্গে বাণিজ্য, মধ্যপ্রাচ্যের সঙ্গে শ্রমবাজার এবং এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও চিকিৎসা সহযোগিতা—সবগুলো কি একই সঙ্গে পরিচালনা করার মতো policy space বাংলাদেশের আছে?

    যদি থাকে, তাহলে সেটিই কৌশলগত স্বায়ত্তশাসনের শক্তি। যদি না থাকে, তাহলে যে শক্তির ক্ষেত্রেই হোক না কেন, dependency নিয়ে প্রশ্ন উঠবেই।

    কার জন্য কোন মাপকাঠি?

    এখানেই “client state” শব্দটির রাজনৈতিক ব্যবহারের সঙ্গে একাডেমিক ব্যবহারের পার্থক্য।

    কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ককে যদি clientelism–এর মাপকাঠিতে বিচার করা হয়, তাহলে অন্য সব সম্পর্ককেও একই মাপকাঠিতে বিচার করতে হবে।

    একটি দেশের রাজনৈতিক পছন্দ যদি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলে—সেটি প্রশ্নের বিষয়। অন্য একটি দেশের অর্থনৈতিক শর্ত যদি বাংলাদেশের তৃতীয় দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণে প্রভাব ফেলে—সেটিও প্রশ্নের বিষয়। কোনো দেশের ঋণ, অবকাঠামো বা প্রতিরক্ষা সহযোগিতা যদি বাংলাদেশের নীতি পরিবর্তনের সক্ষমতা তৈরি করে—সেটিও প্রশ্নের বিষয়। আবার কোনো দেশের বাজার, প্রযুক্তি, রপ্তানি সুবিধা বা নিরাপত্তা সহযোগিতা যদি বাংলাদেশের নীতিগত সিদ্ধান্তের ওপর এমন প্রভাব তৈরি করে যে বিকল্প সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে—সেটিও একইভাবে প্রশ্নের বিষয়।

    অর্থাৎ, পৃষ্ঠপোষক বদলালে সংজ্ঞা বদলানো যাবে না।

    বাংলাদেশের প্রয়োজন নতুন কৌশলগত অডিট

    বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখন একটি strategic dependency audit প্রয়োজন।

    কোন দেশের ওপর আমরা বাণিজ্যে কতটা নির্ভরশীল? কোন দেশের ওপর জ্বালানি বা অবকাঠামোয় নির্ভরশীল? কোন দেশের ওপর প্রতিরক্ষা সরঞ্জামে? কোন দেশের ওপর প্রযুক্তিতে? কোন দেশের ওপর শিক্ষা ও গবেষণায়? কোন দেশের ওপর চিকিৎসায়?

    কোন দেশের বাজার হারালে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে? কোন দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা নেটওয়ার্কের সঙ্গে অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে? কোন দেশের হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার ওপর এমন নির্ভরতা আছে, যার ফলে একটি কূটনৈতিক সংকট সরাসরি সাধারণ মানুষের চিকিৎসা-সুবিধাকে প্রভাবিত করতে পারে?

    এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—কোন দেশের পছন্দের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে বাংলাদেশ বাস্তবে কতটা অর্থনৈতিক, সামাজিক বা কূটনৈতিক মূল্য দিতে বাধ্য হবে?

    এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে বাংলাদেশের strategic autonomy কতটা বাস্তব এবং কতটা কাগুজে।

    কারণ ক্লায়েন্ট স্টেট হওয়ার সবচেয়ে বিপজ্জনক লক্ষণ কোনো আনুষ্ঠানিক চুক্তি নয়। সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হলো নীতি-স্বাধীনতার নীরব ক্ষয়।

    আর তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল প্রশ্ন হওয়া উচিত “আমরা কার সঙ্গে বেশি ঘনিষ্ঠ?” নয়।

    প্রশ্ন হওয়া উচিত—

    আমরা কি এমন একটি রাষ্ট্র, যে প্রয়োজন অনুযায়ী সবার সঙ্গে সম্পর্ক রাখতে পারে, কিন্তু প্রয়োজন হলে কাউকেই ‘না’ বলার সক্ষমতা হারায়নি?

    সার্বভৌমত্ব বেছে বেছে প্রয়োগ করা যায় না। একটি শক্তিশালী প্রতিবেশীর ক্ষেত্রে যে মাপকাঠি প্রযোজ্য, একটি বৈশ্বিক শক্তির ক্ষেত্রেও সেটিই প্রযোজ্য; একইভাবে প্রযোজ্য অন্য যেকোনো বড় শক্তির ক্ষেত্রেও।

    শিক্ষা থেকে চিকিৎসা, বাণিজ্য থেকে প্রযুক্তি, অবকাঠামো থেকে নিরাপত্তা—প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই হিসাবটি একই হওয়া উচিত: বাংলাদেশ কী পাচ্ছে, বিনিময়ে কী দিচ্ছে, এবং বিনিময়ের পরে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কতটা অক্ষুণ্ণ থাকছে?

    একটি স্বাধীন বাংলাদেশের লক্ষ্য কোনো নতুন পৃষ্ঠপোষক খুঁজে পাওয়া নয়। লক্ষ্য হওয়া উচিত—একাধিক অংশীদার, বহুমুখী নির্ভরতা, সর্বোচ্চ দরকষাকষির ক্ষমতা এবং কোনো একক শক্তির হাতে বাংলাদেশের কৌশলগত ভবিষ্যতের চাবিকাঠি না তুলে দেওয়া।

    এটাই হয়তো client state থেকে strategic autonomy–এর দিকে যাওয়ার সবচেয়ে বাস্তব পথ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মতপ্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, এরও সীমা আছে: বিটিআরসি চেয়ারম্যান

    আগস্ট 11, 2026
    বাংলাদেশ

    রামুতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

    আগস্ট 11, 2026
    আইন আদালত

    স্ট্রেচারে করে আদালতে আসামি, চিকিৎসা চালানোর পরামর্শ বিচারকের

    আগস্ট 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.