হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘিরে নতুন করে আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম প্রায় জাপানি একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পথে থাকলেও, এ পর্যায়ে যুক্তরাজ্যের আগ্রহ বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই আগ্রহকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়া হয়। জবাবে রাষ্ট্রদূত সারাহ কুক বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে আরও জানানো হয়, বাংলাদেশকে একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে যুক্তরাজ্য সহযোগিতা করতে আগ্রহী। এ লক্ষ্য বাস্তবায়নে অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং দক্ষ গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা গড়ে তোলা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে বিদেশি অংশীদারত্ব কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

