জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত ৫ হাজার টাকার মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
আবুল বারকাতের পক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম জামিনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রোববার এই মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন। সোমবার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত বছরের ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকার নীলক্ষেতে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

