দেশের বিচার বিভাগের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
আজ মঙ্গলবার এ আদেশ দেন আপিল বিভাগের বিচারপতিরা। আদালতের কার্যক্রম পরিচালনা করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এর নেতৃত্বাধীন বেঞ্চ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই সময় পরিবর্তন করা হয়। এর আগে ৯ জুন একই রায় স্থগিত করেছিলেন আপিল বিভাগ।
ঘটনার সূত্রপাত হয় সাতজন আইনজীবীর করা একটি রিট থেকে। সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দেন। পরে গত বছর ওই রায়ের আলোকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশ জারির পর নতুন সচিবালয়ের কার্যক্রম শুরু হয়। জনবল নিয়োগসহ প্রায় ৯০ শতাংশ প্রশাসনিক কাজ সম্পন্নও হয়।
তবে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত ওই অধ্যাদেশ বাতিল করা হয়। এরপর ১৯ মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়।
এখন এই পুরো প্রক্রিয়ার বৈধতা ও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকল।

