অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকারি লিগ্যাল এইড কার্যক্রম। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই সেবার মাধ্যমে মোট ৩৩৯ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ আদায় হয়েছে, যা সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীদের জন্য বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, প্রি-কেস ও পোস্ট-কেস মিলিয়ে মোট ৩৩৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৮৪ টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এসেছে প্রায় ৩৩২ কোটি ৪৩ লাখ টাকা। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল থেকে আদায় হয়েছে প্রায় ৭ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। শুরুতে জেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও এখন সুপ্রিম কোর্ট, শ্রমিক সহায়তা সেল এবং দেশের বিভিন্ন কারাগারেও এই সেবা বিস্তৃত হয়েছে। বর্তমানে ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস ছাড়াও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক সহায়তা কেন্দ্র এবং টোল-ফ্রি হেল্পলাইন (১৬৬৯৯)-এর মাধ্যমে মানুষ সহজেই আইনি সহায়তা পাচ্ছেন।
উল্লেখ্য, আর্থিকভাবে অসচ্ছল নাগরিকদের জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকার এই সেবা প্রদান করে থাকে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা পুরো কার্যক্রম পরিচালনা করছে।

