ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে কর্মস্থলে ফেরার মানুষজন যমুনা সেতু ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি করেছে। এর প্রভাব পড়েছে টোল আদায়ে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন শনিবার সকালে জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। (সূত্র: বাসস)
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়ে টোল হিসেবে আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।
সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশের মোট ১৮টি বুথে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুই পাশেই দুটি করে বুথ রাখা হয়েছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।”

