প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, সরকারের বর্তমান অগ্রাধিকার হলো দ্রুত রাজস্ব আয় বাড়ানো এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা।
তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যেই রাজস্ব আয়ের লক্ষ্যে পৌঁছানো সরকারের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।গতকাল রোববার (২৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত রাজস্ব আহরণবিষয়ক টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. তিতুমীর জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত কর-জিডিপি অনুপাত অর্জনে কাজ চলছে। তার ভাষায়, অতীতে রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে, যার ফলে কর-জিডিপি হার দীর্ঘদিন নিচে অবস্থান করেছে। এতে সামাজিক বৈষম্য ও দারিদ্র্য বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে সরকার সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করছে বলেও জানান তিনি। একই সঙ্গে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল হিসেবে করের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আহরণ প্রক্রিয়া জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করতে চায় সরকার।
ড. তিতুমীর আরও বলেন, নতুন সরকার একটি চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

