দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। অবৈধভাবে জ্বালানি মজুত বা চোরাচালানের নির্ভরযোগ্য তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেউ যদি সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করেন, তাহলে তিনি এই আর্থিক প্রণোদনা পাওয়ার জন্য বিবেচিত হবেন।
সরকারি সূত্রে জানা গেছে, বর্তমানে জ্বালানি সরবরাহে চাপ ও বাজারে অস্থিরতা মোকাবিলায় নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে ডিপো, ফিলিং স্টেশন এবং পরিবহন ব্যবস্থায় অনিয়ম চিহ্নিত করতে জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, অবৈধ মজুত ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রম বন্ধে তথ্যদাতাদের উৎসাহিত করতেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলায় নজরদারি টিম গঠন এবং মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে, যাতে বাজারে শৃঙ্খলা বজায় থাকে এবং কৃত্রিম সংকট তৈরি না হয়।

