গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
আজ সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বর্তমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা হয়, তাহলে সাধারণ নির্বাচনের ফলাফলও ঝুঁকির মধ্যে পড়ে।”
শিশির মনির আরও উদ্বেগ প্রকাশ করেন গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের প্রচেষ্টাকে নিয়ে। তিনি এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। কিন্তু বর্তমানে সেই বিষয়গুলো বাস্তবায়নে বিএনপি টালবাহানা করছে বলেও অভিযোগ করেন শিশির মনির।

