দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের খেলাধুলায় যুক্ত করতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে, যেখানে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের ১২৯ জন ক্রীড়াবিদের মাঝে ক্রীড়া ভাতা, কার্ড ও পদক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে। তাই ছোটবেলা থেকেই শিশুদের খেলাধুলার সঙ্গে যুক্ত করা জরুরি। এ লক্ষ্যেই শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো চালুর কথাও উল্লেখ করা হয়। এর আওতায় প্রত্যেক ক্রীড়াবিদকে মাসিক এক লাখ টাকা করে দেওয়া হয়েছে, যা সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়। তারেক রহমান আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় দক্ষতা অর্জন করলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। তিনি শুধু ক্রিকেট বা ফুটবল নয়, অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
এছাড়া প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়া খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

