সরকার সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত চিহ্নিত করতে ব্যাপক অভিযান চালাচ্ছে। ৩ থেকে ২৯ মার্চের মধ্যে ৬৪ জেলায় পরিচালিত ৩ হাজার ১৬৮টি অভিযানে উদ্ধার করা হয়েছে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল। অভিযানের ফলস্বরূপ এখন পর্যন্ত ১ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
উদ্ধারকৃত জ্বালানি তেলের মধ্যে রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল, ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রল। পাশাপাশি অবৈধ মজুতকারীদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজারে কৃত্রিম ঘাটতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

