বিশ্ববাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব নিয়ে উদ্বেগ থাকলেও দেশের জ্বালানি পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে সরকার। জ্বালানি বিভাগ বলছে, বর্তমান মজুত বিবেচনায় আগামী মাসেও জ্বালানি সংকট হওয়ার সম্ভাবনা নেই।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী দেশের জ্বালানি মজুতের হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশে মোট প্রায় ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মজুত রয়েছে।
তথ্য অনুযায়ী, এর মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি—১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন। এছাড়া অকটেন রয়েছে ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েলের মজুত ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।
জ্বালানি বিভাগের এই কর্মকর্তা জানান, মার্চ মাসজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক ছিল এবং এপ্রিলেও কোনো ঘাটতির আশঙ্কা নেই। বিশেষ করে ডিজেল নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
এদিকে, সীমান্ত এলাকায় ডিজেল পাচার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি জ্বালানি বিক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সরকার একটি নতুন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে পারে বলে জানানো হয়েছে। সরকারের দাবি, বৈশ্বিক পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাপনা ঠিক থাকায় আপাতত সাধারণ মানুষের জন্য জ্বালানি নিয়ে উদ্বেগের কারণ নেই।

