দেশে হামের টিকার ঘাটতি নিয়ে উদ্বেগের মধ্যে শিশুদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটামসহ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ দেন। তিনি ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। নোটিশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। কিন্তু সাম্প্রতিক সময়ে হামের টিকার সংকট দেখা দেওয়ায় দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে রোগটির বিস্তার বাড়ছে। এর ফলে বহু শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে বলে অভিযোগ তোলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশের নানা হাসপাতালে অসংখ্য শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও তোলা হয়েছে।
বিশেষভাবে স্বাস্থ্য সচিবের একটি বক্তব্য নিয়ে আপত্তি জানানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ শিশুর মৃত্যুর ঘটনায় তিনি মন্তব্য করেন, সবাই হামে মারা যায়নি। নোটিশদাতার মতে, এমন বক্তব্য দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে অনাকাঙ্ক্ষিত এবং সংবেদনশীলতার অভাবের পরিচায়ক।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের জন্য হামের টিকা সরবরাহ ও প্রয়োগ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে।
এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি নজির—‘১৮ BLC, NBR বনাম বাংলাদেশ’—উল্লেখ করে পরবর্তী আইনি পদক্ষেপের কথাও জানানো হয়েছে। ভবিষ্যৎ কার্যক্রমের জন্য নোটিশের একটি কপি সংরক্ষণ করা হয়েছে বলেও এতে উল্লেখ রয়েছে।

