রপ্তানি খাতে নগদ সহায়তার অডিট ব্যবস্থাকে আরও কার্যকর করতে সাতটি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) ফার্মকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি সার্কুলার বুধবার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত সিএমএ ফার্মগুলো এখন ব্যাংকগুলোর মাধ্যমে জমা হওয়া রপ্তানি ভর্তুকির আবেদন যাচাই ও অডিট করতে পারবে। আগে এই ধরনের অডিটের দায়িত্ব মূলত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল।
অনুমোদন পাওয়া ফার্মগুলো হলো—এ. হান্নান অ্যান্ড কোং, হোসেন অ্যান্ড কোং, মুজিবুর রহমান অ্যান্ড কোং, পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস, সেফ-কিউ অ্যাসোসিয়েটস অ্যান্ড কোং, সাইফুর এনায়েত অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং এসএএম অ্যান্ড অ্যাসোসিয়েটস।
সার্কুলারে আরও বলা হয়েছে, একটি সিএমএ ফার্ম কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ তিনটি ব্যাংকের অডিট কাজ নিতে পারবে। এর বেশি দায়িত্ব গ্রহণ করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে রপ্তানি প্রণোদনা বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং অডিট কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

