চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা ধ্বংস করে ডিম নষ্ট ও ছানা হত্যার ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল বুধবার উপজেলার পোপাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে তাৎক্ষণিক বিচার পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বাদশা মিয়া (৪৮), পেশায় কৃষক। তিনি পোপাদিয়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। আদালত তাকে সাত দিনের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে ২৯টি মৃত পাখির ছানা এবং বেশ কিছু ভাঙা ডিম পাওয়া যায়, যা ঘটনার সত্যতা নিশ্চিত করে। জিজ্ঞাসাবাদে বাদশা মিয়া তার অপরাধ স্বীকার করেন। তিনি জানান, পাখিরা তার জমির ধান খেয়ে ফেলছিল—এই ক্ষোভ থেকেই তিনি বাসাগুলো ভেঙে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১৩-এর ৩৮ ধারায় অভিযুক্তকে দণ্ড দেওয়া হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

