জাতীয় ক্যালেন্ডারে নতুন সংযোজন আনল সরকার। প্রতি বছর দুটি দিনকে বিশেষ গুরুত্ব দিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে একটি দিনে থাকছে সরকারি ছুটিও।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হবে। তবে এদিন কোনো সরকারি ছুটি থাকবে না। অন্যদিকে, ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপিত হবে এবং এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব বলেন, নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের উন্নয়ন ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। বিশেষ করে পল্লী উন্নয়ন দিবসের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব সামনে আনার লক্ষ্য রয়েছে।
এছাড়া মন্ত্রিসভার আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি নিয়েও গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সরকার ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং দেশের সামগ্রিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নতুন এই দুই দিবস পালনের সিদ্ধান্ত দেশের প্রশাসনিক ও সামাজিক ক্যালেন্ডারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

