এপ্রিল ও মে মাসে দেশের জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এই দুই মাসের জন্য প্রয়োজনীয় পূর্ণ মজুদ ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, সরকার শুধু এপ্রিল–মে নয়, জুন মাসের চাহিদাও মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার।
তিনি আরও দাবি করেন, দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুদ অবস্থায় রয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিকল্প উৎসে অপরিশোধিত জ্বালানি আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া বর্তমান জ্বালানি পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

