বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি বলেন, প্রাক-নিকার সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি বগুড়া সফরকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বগুড়া সিটি করপোরেশনের সঙ্গে মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রাক-নিকার সভায় অনুমোদন দেওয়া হয়েছে। তবে এখনো উপজেলা কমপ্লেক্স ভবনের স্থান নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মোকামতলা ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার বিষয়টি গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সরকারি আনুষ্ঠানিক উদ্বোধনের পরই কার্যকর হবে। এসব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এখনই এর কার্যক্রম শুরু হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত নোটিশে জানা যায়, গত ১২ এপ্রিল প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশন এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলাকে নতুন উপজেলা ঘোষণাসহ মোট আটটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সেখানেই মোকামতলা উপজেলা গঠনের বিষয়টি অনুমোদন পায়।
এদিকে প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর—নিয়ে নতুন মোকামতলা উপজেলা গঠন করা হবে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, প্রস্তাবিত উপজেলার আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ।
স্থানীয় উদ্যোগের অংশ হিসেবে গত ২৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলা ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আবেদন করেন। প্রস্তাব বাস্তবায়িত হলে শিবগঞ্জ ও নতুন মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে বগুড়া-২ সংসদীয় আসন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরই প্রশাসনিক কাঠামোয় আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে নতুন উপজেলা—এমনটাই সংশ্লিষ্টদের প্রত্যাশা।

