কুমিল্লার বুড়িচংয়ে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে যেকোনো ধরনের কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার (১৮ এপ্রিল) বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, কৃষকেরা কঠোর পরিশ্রম করেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। এর পেছনে সিন্ডিকেটের প্রভাব রয়েছে। একই সঙ্গে কৃষকদের উচ্চমূল্যে সার, বীজ ও কীটনাশক কিনতে হচ্ছে, যা তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তিনি স্পষ্ট করে বলেন, এ অবস্থা দীর্ঘদিন চলতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষি খাতকে শক্তিশালী করা গেলে দেশের অর্থনীতিও স্থিতিশীল ভিত্তি পাবে। কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি ও অন্যান্য সুবিধা সরাসরি প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
নিমসার সবজি বাজার প্রসঙ্গে মন্ত্রী জানান, সেখানে দ্রুত একটি আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে কৃষকেরা উৎপাদিত পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করতে পারবেন। এতে ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ বাড়বে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

