রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ মোড় দেখা দিয়েছে। মামলার অন্যতম আসামি ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল আদালতে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
আজ বুধবার (৬ মে) তার জামিন আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়।
ঘটনাকালে আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাপলা চত্বরের ওই ঘটনার প্রেক্ষিতে গত বছরের ৫ মে আবদুল জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তিনি দুই নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
পুলিশ বাহিনীতে দীর্ঘ কর্মজীবনে আবদুল জলিল মণ্ডল একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন। এই মামলায় তার রাজসাক্ষী হওয়ার আগ্রহ নতুন করে বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

