রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ–২০২৬’। টানা তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন চলবে ৯ মে পর্যন্ত।
দেশের টেকসই বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, সবুজ নির্মাণপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও শিল্পপ্রযুক্তি খাতকে কেন্দ্র করে এ এক্সপোর আয়োজন করা হয়েছে।
১২ দেশের ১৪০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে:
আয়োজক প্রতিষ্ঠান এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানিয়েছেন, এবারের আয়োজনে ১২টি দেশের প্রায় ১৪০টি কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীতে বিদ্যুৎ, জ্বালানি, নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নসংশ্লিষ্ট নানা ধরনের পণ্য, প্রযুক্তি ও সেবা তুলে ধরা হবে।
একই ভেন্যুতে বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে ‘ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো’। এই সহ-আয়োজনটি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, সরবরাহ ব্যবস্থা এবং শিল্প সহায়ক প্রযুক্তির মধ্যে একটি কার্যকর সংযোগ গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো ও প্যাকেজিং খাতের এই যৌথ আয়োজন শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
আয়োজকদের মতে, বর্তমান বৈশ্বিক জ্বালানিসংকট, জ্বালানির মূল্য বৃদ্ধি, আমদানিনির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এই এক্সপো বিশেষ গুরুত্ব বহন করছে। এবারের প্রদর্শনীতে কার্বন নিঃসরণ কমানো, সবুজ জ্বালানি, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মুজাফফর আহমেদ, বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ-এর চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল।
ছয়টি বিশেষ অধিবেশন থাকবে:
দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে ছয়টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এগুলোতে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর, শিল্প সহযোগিতা, আন্তর্জাতিক বাজার সংযোগ, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন এবং নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হবে। আয়োজকদের মতে, এসব অধিবেশন দেশি-বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রযুক্তি সরবরাহকারী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করবে।
আয়োজকদের মতে, এই এক্সপো শুধুই একটি প্রদর্শনী নয়। এটি ব্যবসায়িক সংযোগ, জ্ঞান বিনিময়, বিনিয়োগ সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো এখানে তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী ও প্রকল্প বাস্তবায়নকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে।
প্রদর্শনীর পৃষ্ঠপোষকতায় রয়েছে আরআর কেবল, ব্রাইট পাওয়ারটেক এবং রান পাওয়ার ইঞ্জিনিয়ারিং। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে খবরের কাগজ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বণিক বার্তা, সময়ের আলো এবং সারা বাংলা। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

