বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ফুয়েল পাশ নিবন্ধন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার নির্ধারিত সময়ে এই সেবা পাওয়া যাবে না।
আজ বুধবার (৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশ অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএর সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে ফুয়েল পাশ রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
মন্ত্রণালয় জানায়, সেবার মান উন্নয়ন এবং সিস্টেমকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করার লক্ষ্যেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ শেষ হওয়ার পর ফুয়েল পাশ সেবা স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।

