পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে সারা দেশে মার্কেট, শপিংমল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহা পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে ব্যবসায়ী নেতারা।
বৃহস্পতিবার দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে তারা সরকারের কাছে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়েছিলেন। তবে সরকার আপাতত রাত ১০টা পর্যন্ত পরিচালনার অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, বাড়তি সময়ের সুযোগ পেলেও বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেয়। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে কেনাকাটার চাপ বাড়তে শুরু করেছে। তাই দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন এবং ব্যবসায়ীরাও ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তবে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বাস্তবতায় সরকার এখনও পুরোপুরি শিথিল অবস্থানে যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করেই বাড়তি সময়ের এই সুবিধা কার্যকর রাখা হবে।

