টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চার কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর সংযোগ সড়কে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। বৃষ্টির মধ্যেই ফাটলের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে নতুন করে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজার এলাকায় সেতুটির সংযোগ সড়কে এই ফাটল দেখা দেয়। সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের বিভিন্ন অংশে ফাটলও সম্প্রসারিত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, কয়েক দিন একই পরিস্থিতি চলতে থাকলে সেতুর সংযোগ সড়ক ধসে পড়তে পারে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সৈদামপুর বাজার–কুরাতলী ভায়া প্রাইমারি স্কুল সড়কে প্রায় ৭০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলী। প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের ১৩ এপ্রিল। চুক্তি অনুযায়ী এটি ২০২২ সালের ১২ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। পরে সময় বাড়ানো হলেও কাজ এখনো চলমান।
স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণে যথাযথভাবে মাটি কম্প্যাকশন করা হয়নি। ফলে অল্প সময়ের মধ্যেই ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, রাস্তার মাটি ঠিকভাবে পেটানো হয়নি। রোলার দিয়ে ভালোভাবে কাজ করা হলে এমন ফাটল হতো না। আরেক বাসিন্দা শ্যামল সূত্রধর জানান, বৃষ্টির কারণেই ফাটল দেখা দিয়েছে এবং নির্মাণ কাজে মান বজায় রাখা হয়নি। ননী গোপাল সরকারের অভিযোগ, অল্প সময়ের মধ্যেই সড়কে ফাটল ধরেছে। তার আশঙ্কা, ভারী বৃষ্টি হলে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং ধসে যেতে পারে।
অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার নুর নবী বলেন, অতিরিক্ত বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলের কারণে নতুন মাটিতে তৈরি সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে। তিনি জানান, যেখানে ফাটল হয়েছে তা মেরামত করা হবে।
বাসাইল উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, সেতুর কিছু অংশে ব্লক বসানোর কাজ এখনো বাকি রয়েছে। অতিবৃষ্টি ও ভারী যান চলাচলের কারণে কিছু জায়গায় মাটি সরে গিয়ে ফাটল তৈরি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো প্রকল্পের সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়নি বলেও তিনি জানান। স্থানীয়দের অভিযোগ ও কর্মকর্তাদের বক্তব্য মিলিয়ে এখন প্রশ্ন উঠছে—উদ্বোধনের আগেই কেন এমন অবস্থা তৈরি হলো এই গুরুত্বপূর্ণ সেতু প্রকল্পে।

