বেসরকারি খাতের কর্মীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা বাড়াতে সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব এসেছে আসন্ন বাজেটে। এর আওতায় অবসরের সময় অংশগ্রহণকারীরা তাদের জমা করা মোট অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার অংশ হিসেবে সর্বজনীন পেনশন স্কিমে এই নতুন সুবিধা যুক্ত করা হচ্ছে। এতে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন বড় অঙ্কের অর্থ পাবেন।
নীতিনির্ধারকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বেসরকারি খাতের কর্মীদের অবসর জীবনে আর্থিক চাপ কমবে এবং দীর্ঘমেয়াদি সঞ্চয়ে আগ্রহ বাড়বে।
এবারের বাজেটে সামাজিক সুরক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

