দুর্নীতির মামলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি–এর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম দুই সাবেক প্রতিমন্ত্রীর আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, চলমান দুর্নীতির মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এই নথিগুলো জব্দ করা প্রয়োজন। তদন্ত প্রক্রিয়ার স্বার্থে এসব নথি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আবেদনে উল্লেখ করা হয়।

