রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ–২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’কে কেন্দ্র করে পুলিশ বাহিনীর কল্যাণ, আধুনিকায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে এসেছে। অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে পুলিশ সদস্যদের বিভিন্ন যৌক্তিক দাবি ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।
আজ রোববার অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক দাবি পূরণ করা হবে। তিনি জানান, দীর্ঘদিন চাকরি শেষে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের জন্য পদোন্নতির বিশেষ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), এএসআই থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং এসআই থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতির সুযোগ রাখা হবে।
পুলিশ সদস্যদের দীর্ঘ কর্মঘণ্টা বিবেচনায় অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি সরকার ভাবছে বলেও জানান মন্ত্রী। পুলিশের ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত পর্যায়ে এই সুবিধা চালুর সম্ভাবনা রয়েছে, যা সদস্যদের মনোবল ও সেবার মান বাড়াবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন হাসপাতাল নির্মাণ এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণের কথাও জানান তিনি। তিনি আরও বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় ও আবাসন সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এজন্য ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ সংস্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও বদলেছে। তাই পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি জরুরি। জুয়া, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, মব কালচার সম্পূর্ণভাবে বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও প্রয়োজনীয় সংযোজন করা হবে। একই সঙ্গে তিনি পুলিশ বাহিনীকে জনআকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

