আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে এ টার্মিনাল চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
আজ মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং এবং বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহনের সক্ষমতাও অনেক বেড়ে যাবে।
তিনি আরও জানান, যাত্রীচাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রেখে বিমান বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়বে এবং সেবার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আফরোজা খানম রিতা বলেন, সরকার মিশ্র ধরনের উড়োজাহাজ বহরের পরিকল্পনা করছে। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আধুনিক, নিরাপদ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতের ইতিবাচক অগ্রগতি দেশ ও বিদেশে তুলে ধরতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এদিকে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্যসচিব ইমন চৌধুরী, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফ আহমাদ এবং সংগঠনের সদস্য শাহাদাত হোসেনসহ চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

