ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রশাসনিক পরিধি আরও বিস্তৃত হয়েছে। সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে নতুন একটি ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার আওতায় আনা হয়েছে। নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘বরিশল’ ইউনিয়ন। এর ফলে আখাউড়ায় ইউনিয়নের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ছয়টিতে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসক মো. আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পৃথক করে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। একই সঙ্গে বাসুদেব ইউনিয়নের সীমানাও পুনর্গঠন করা হয়েছে।
নতুন ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো বরিশল, কোড্ডা, চান্দি, শ্যামনগর, বৈষ্ণবপুর ও কোড়াবাড়ি। প্রশাসনিক সুবিধার জন্য ইউনিয়নটিকে ৯টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। নতুন এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার। আয়তন প্রায় ১২ বর্গকিলোমিটার।
স্থানীয় সূত্র জানায়, বরিশল গ্রামের বাসিন্দা ও জেলা বিএনপির সদস্য ব্যবসায়ী কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পর নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ শুরু হয়। তবে শুরু থেকেই বিষয়টি নিয়ে আখাউড়া উপজেলা বিএনপির একটি অংশ আপত্তি তোলে। তারা সভা, মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচিও পালন করে। বিরোধিতা থাকলেও সরকারি প্রক্রিয়া চলমান থাকায় শেষ পর্যন্ত নতুন ইউনিয়ন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের সুবিধার কারণে ছয় গ্রামের মানুষের বড় একটি অংশ আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে মত দেন। তাদের মতে, এতে প্রশাসনিক সেবা পাওয়া সহজ হবে এবং যোগাযোগ ব্যবস্থাও আরও কার্যকর হবে।

