তারেক রহমান–এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সভায় কোন কোন উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে বা কী পরিমাণ ব্যয়ের প্রস্তাব রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলমান উন্নয়ন প্রকল্পের অনুমোদন, ব্যয় বৃদ্ধি, সময় বাড়ানো এবং নতুন প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প একনেক বৈঠকের এজেন্ডায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে একনেক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কমিটির অনুমোদনের মাধ্যমেই বড় সরকারি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হয়।

