চট্টগ্রামে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ১৭ জন পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানিতে প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন জানান, এ মামলায় মোট ২২ আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজন গ্রেপ্তার রয়েছেন। বাকি ১৭ জন আসামি, যাদের মধ্যে হাছান মাহমুদ ও নওফেলও রয়েছেন, পলাতক। তাদের আদালতে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা উপস্থিত হননি। এ অবস্থায় পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়ে মামলার কার্যক্রম এগিয়ে নেওয়ার আবেদন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল পলাতক ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেন। একই সঙ্গে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী ৪ জুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, মোট ২২ আসামির বিরুদ্ধে তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ রয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

