তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে বর্তমানে প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় তৈরি হওয়া ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
আজ বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, এই পরিস্থিতি থেকে অর্থনীতিকে স্বাবলম্বী করতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে। এ সময়ে রাজনৈতিক বিভাজন তৈরি না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে ঐক্য ধরে রাখা জরুরি। ঐক্য না থাকলে আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব হবে না।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, একসময় দাড়ি রাখা ও টুপি পরাকে সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিত নাটকের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আয়োজন প্রমাণ করে দেশে বর্তমানে রাজনৈতিক ও সামাজিকভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান রয়েছে।

