কোরবানির ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।
ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা। গত বছর এই দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সংক্রান্ত বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়া এ বছর ছাগলের চামড়ার দামও নির্ধারণ করা হয়েছে। খাসির প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির ক্ষেত্রে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ঢাকা ও ঢাকার বাইরে সর্বত্র কার্যকর হবে। বাণিজ্যমন্ত্রী জানান, এবারও চামড়া সংরক্ষণের জন্য সরকার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে সরবরাহ করবে। প্রতিটি এলাকায় ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসার মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আসন্ন কোরবানির ঈদে কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। এ জন্য প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করবে। তারা কোরবানির পর চামড়া সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।

