সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বহুল আলোচিত নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে সমিতির অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। প্রথম দিনে মোট ১ হাজার ৭৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দুই দিনব্যাপী এই নির্বাচনের শেষ দিন আজ বৃহস্পতিবার। এবারের নির্বাচনে সমিতির ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।
নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে প্রায় দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সমিতির নির্বাচন আয়োজন নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে এবারের নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।
এবারের নির্বাচনে অংশ নিয়েছে তিনটি প্যানেল। এর মধ্যে রয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল।
অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থক ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেগুলো বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

