ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময়সূচি চূড়ান্ত করেছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে এবারের ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে ছুটি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) অফিস কার্যক্রম চালু থাকবে।
এতে আরও বলা হয়েছে, ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কার্যক্রম। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা। পাশাপাশি হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন।
চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির আওতামুক্ত থাকবে। একইভাবে জরুরি কার্যক্রমে যুক্ত অফিসগুলোও এই ছুটির বাইরে থাকবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
এছাড়া বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

