ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত ২০১০)-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটে।
আরও বলা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ইউট্যাবের কার্যনির্বাহী সদস্য। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। এর আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এবং সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নিয়মিতভাবে টেলিভিশন টকশোতে অংশ নিয়ে থাকেন।
গবেষণার ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর ৩৪টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি নেপাল, ভারত, শ্রীলঙ্কা, চীন, সুইডেন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, জুলাই-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তনের আলোচনা চলাকালে অধ্যাপক মতিনুর রহমানের নাম উপাচার্য হিসেবে আলোচনায় আসে। একই সময়ে কোষাধ্যক্ষ পদে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজের নামও বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।

