নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটে এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘খ্যাপাটে নেতানিয়াহু’ নামের একটি মহিষ। এর আগে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ নিয়ে যেমন ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল, এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে এই নতুন নামটি।
নারায়ণগঞ্জ বন্দরের দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্মে রাখা এই গোলাপি রঙের অ্যালবিনো জাতের মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য উৎসুক মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ দূর থেকে দাঁড়িয়ে এর ‘রাগী লুক’ উপভোগ করছেন।
খামার সূত্রে জানা যায়, মহিষটির ওজন প্রায় ৭৬০ কেজি। এর স্বভাব অত্যন্ত বদমেজাজি হওয়ায় খাবার দিতে গেলেও সে সিং উঁচিয়ে আক্রমণাত্মক ভঙ্গি করে। এই আচরণের কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিল রেখে এর নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।
খামার পরিদর্শনে আসা দর্শনার্থীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিষটি দেখছেন। অনেকেই হাস্যরস করে বলছেন, এটি যেন পুরো খামারের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। কেউ আবার মন্তব্য করছেন, এর চোখ-মুখের অভিব্যক্তি সত্যিই নেতানিয়াহুর মতো মনে হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফসান রাদিব বলেন, ফেসবুকে নাম দেখে দেখতে এসেছেন তিনি। কাছে যেতেই মহিষটির আচরণ দেখে মনে হয়েছে এটি আক্রমণ করতে পারে। তার ভাষায়, “পুরো যুদ্ধ যুদ্ধ ভাব।”
আরেক দর্শনার্থী রিজিয়া জানান, মহিষটির মেজাজ খুবই গরম। খামারিরা আদর করতে গেলেও এটি তেড়ে আসে বলে তিনি জানান।
খামারের কর্মী আল আমিন বলেন, মহিষটিকে দিনে দুইবার গোসল করানো হয়। পুষ্টিকর খাবার ও বিশেষ যত্নে এটি বড় করা হচ্ছে। তবে তার কাছে যেতে অনেকেই ভয় পান।
ফার্মের ব্যবস্থাপক মেহেদি জানান, চুলের সিঁথি, চোখের চাহনি এবং রাগী আচরণের কারণেই মহিষটির নাম ‘নেতানিয়াহু’ রাখা হয়েছে। ছোটবেলা থেকেই এটি কিছুটা দুষ্টু হলেও দেখতে আকর্ষণীয় হওয়ায় দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে।
খামার কর্তৃপক্ষ জানায়, লাইভ ওজনে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটির দাম নির্ধারণ করা হয়েছে। তারা আশা করছেন কোরবানির আগেই এটি বিক্রি হয়ে যাবে।
এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই মহিষটির মাথার চুল, চোখের চাহনি ও মুখাবয়ব ট্রাম্পের মতো হওয়ার কারণে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে জানা যায়, ৫৫০ টাকা কেজি দরে ঢাকার এক ক্রেতা সেই ‘ট্রাম্প’ নামের মহিষটি কিনে নিয়েছেন। তবে ‘নেতানিয়াহু’ নামের এই মহিষটি এখনো বিক্রি হয়নি।

