বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকা নিয়ে গঠিত হলো নতুন সিটি করপোরেশন। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যুক্ত হলো বগুড়া।
গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। পরে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হয়। আলাদা আরেকটি প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর প্রথম তফসিল সংশোধন করে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়।
গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সিটি করপোরেশনের সীমানাও নির্ধারণ করা হয়েছে প্রজ্ঞাপনে। এতে উত্তরে রয়েছে বগুড়া সদর উপজেলার ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন, ৫ নম্বর রাজাপুর ইউনিয়নের অংশ এবং ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন। দক্ষিণে শাজাহানপুর উপজেলার ১ নম্বর আশেকপুর ইউনিয়ন, ২ নম্বর মাদলা ইউনিয়ন এবং ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।
পূর্ব দিকে যুক্ত হয়েছে বগুড়া সদর উপজেলার ২ নম্বর সাবগ্রাম ইউনিয়ন, ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন এবং শাজাহানপুর উপজেলার ২ নম্বর মাদলা ইউনিয়ন। পশ্চিম দিকে রয়েছে বগুড়া সদর উপজেলার ১ নম্বর ফাঁপোড় ইউনিয়ন এবং ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকার সমন্বয়ে এ সিটি করপোরেশন গঠন করা হয়েছে। এ বিষয়ে মতামত নেওয়ার জন্য বগুড়া জেলা প্রশাসককে গণবিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে জেলা প্রশাসক প্রয়োজনীয় কার্যক্রম শেষে বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে সিটি করপোরেশন গঠনের পক্ষে প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদন বিবেচনায় নিয়েই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করে।

